Connect with us
ফুটবল

বিশ্বকাপের আগে আবারও চোটে এমবাপ্পে, দুশ্চিন্তায় ফ্রান্স

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় ফ্রান্স। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স জাতীয় দল। দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে চোটে পড়ে মাঠের বাইরে চলে যাওয়ায় বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডের চোট এখন ফরাসি শিবিরের প্রধান চিন্তার কারণ।

রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এমবাপ্পের বাম পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। ক্লাবের মেডিকেল বিভাগের পরীক্ষার পর এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে, তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

গত ২৫ এপ্রিল রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলার শেষ দিকে চোট পান এমবাপ্পে। ম্যাচের ৮১ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। প্রথমে চোট তেমন গুরুতর মনে না হলেও বিস্তারিত পরীক্ষার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে।



স্প্যানিশ সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, মৌসুমের বাকি অংশে এমবাপ্পেকে নিয়ে ঝুঁকি নিতে চায় না রিয়াল মাদ্রিদ। সামনে বিশ্বকাপ থাকায় ক্লাব এবং খেলোয়াড় উভয় পক্ষই দীর্ঘমেয়াদি সুস্থতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে দ্রুত মাঠে ফেরানোর বদলে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগই তাকে দেওয়া হতে পারে।

এটি রিয়াল মাদ্রিদের জন্য যেমন বড় ক্ষতি, তেমনি ফ্রান্সের জন্যও বড় দুশ্চিন্তা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৪১ গোল করে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন এমবাপ্পে। দলের আক্রমণভাগে তার উপস্থিতি ফ্রান্সের জন্য সবচেয়ে বড় শক্তি। তাই বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা দেশটির সমর্থক ও কোচিং স্টাফের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নিশ্চয়ই চাইবেন তার প্রধান অস্ত্রকে পুরোপুরি সুস্থ অবস্থায় পেতে। কারণ, বিশ্বকাপের মতো বড় আসরে এমবাপ্পের অভিজ্ঞতা, গতি ও গোল করার ক্ষমতা ফ্রান্সের শিরোপা সম্ভাবনার সঙ্গে সরাসরি জড়িত।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ‘আই’ গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের মাত্র দেড় মাস আগে এমবাপ্পের এই চোট ফরাসি শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। এখন সময়ই বলে দেবে, বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচের আগে ফ্রান্স তাদের সবচেয়ে বড় তারকাকে পুরোপুরি সুস্থ অবস্থায় পায় কি না।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল