Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

হলুদ কার্ডের নিয়মে আসছে পরিবর্তন। ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়দের হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের ম্যাচ সংখ্যা বাড়ার কারণে গুরুত্বপূর্ণ পর্যায়ে খেলোয়াড় হারানোর ঝুঁকি কমাতেই এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা এখন এমন একটি নিয়ম চালুর কথা ভাবছে, যেখানে গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের পাওয়া সব হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পরও আগের হলুদ কার্ড মুছে ফেলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সেমিফাইনাল বা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আগের কার্ডের কারণে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় দুটি আলাদা ম্যাচে হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে খেলতে পারেন না। এতদিন ৩২ দলের বিশ্বকাপে এই নিয়ম কার্যকর থাকলেও এবার দল সংখ্যা বেড়ে ৪৮ হওয়ায় পুরো প্রতিযোগিতার কাঠামোও বদলে যাচ্ছে। নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হওয়ায় শিরোপার পথে দলগুলোকে আরও বেশি ম্যাচ খেলতে হবে।



ফিফা মনে করছে, আগের নিয়ম অপরিবর্তিত থাকলে বাড়তি ম্যাচের কারণে শীর্ষ ফুটবলারদের নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেড়ে যাবে। বিশেষ করে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি প্রতিযোগিতার মানে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই নিয়মকে আরও ভারসাম্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, দুটি হলুদ কার্ডে নিষেধাজ্ঞার নিয়ম বহাল থাকবে। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটি হলুদ কার্ড পেলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরপর গ্রুপ পর্ব শেষে সব কার্ড মুছে যাবে। একইভাবে শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের মধ্যে আবার দুটি কার্ড পেলে নিষেধাজ্ঞা আসবে। কোয়ার্টার ফাইনালের পর সেই হিসাবও নতুন করে শুরু হবে।

ফিফার মতে, এই পদ্ধতি খেলোয়াড়দের জন্য আরও ন্যায্য হবে এবং বড় ম্যাচে অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা কমাবে। হলুদ কার্ডের সীমা দুই থেকে তিনে উন্নীত করার আলোচনা থাকলেও ফিফা আপাতত কার্ড মওকুফের এই দুই ধাপের ব্যবস্থাকেই বেশি কার্যকর মনে করছে।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে নতুন নিয়মই কার্যকর হবে ২০২৬ বিশ্বকাপে।

আগামী ১১ জুন শুরু হবে এই বিশ্ব আসর। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। নতুন ফরম্যাটের বিশ্বকাপে তাই শুধু দলসংখ্যাই নয়, নিয়মেও আসছে বড় পরিবর্তন।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল