Connect with us
ক্রিকেট

শামীমের ‘নো লুক’ ছক্কা, প্রশংসা করলেন হৃদয়

Shamim’s ‘no-look’ six, praised by Hridoy.
শামীমের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন হৃদয়। ছবি- সংগৃহীত

বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অন্যতম সেরা ফিনিশার শামীম হোসেন পাটোয়ারী। ভিন্নধর্মী ব্যাটিং করে প্রায়ই প্রশংসা কুড়িয়েছেন এই ব্যাটার। ‘নো লুক’ শটে বাউন্ডারি হাঁকিয়ে বেশ কয়েকবার নিজের দক্ষতার জানান দিয়েছেন তিনি। তাছাড়া পেরিস্কোপ শট, উইকেটের চারপাশে ফ্লিক, স্লগসহ নানা ধরনের শট খেলতে পারদর্শী এই ব্যাটার।

চলমান নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন শামীম। ১৮০-এর বেশি রান তাড়ার ম্যাচে ১৩ বলে ৩১ রানের অসাধারণ এক ক্যামিও খেলেন এই ব্যাটার। যেখানে দৃষ্টিনন্দন কিছু চার-ছক্কার মারও ছিল। বিশেষ করে তার দুই ছক্কার মধ্যে প্রথমটিই ছিল ‘নো লুক’ ছক্কা।

নন-স্ট্রাইক প্রান্ত থেকে শামীমের ব্যাটিং বেশ উপভোগ করেছে তাওহীদ হৃদয়। ‘নো লুক’ শট কিংবা সবদিকে মেরে খেলার তার যে পারদর্শিতা, সেটা খুব কম ব্যাটারেরই আছে বলে মনে করেন হৃদয়।



ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শামীমের ব্যাটিং নিয়ে হৃদয় বলেন, ‘আমি শামীমের ব্যাটিং অনেক উপভোগ করি। ও এমন শটস খেলে যেটা আমাদের খুব কম ব্যাটারই খেলতে পারে। ছয় নম্বরে পজিশনে তার মতো ব্যাটারই দরকার, যে সব দিকেই যেকোনো সময় মেরে খেলতে পারবে। এমন শটস খেললে বোলাররা অনেক চাপে থাকে ।’

শামীমের ‘নো লুক’ ছক্কা নিয়ে হৃদয় বলেন, ‘ও যে ছয়টা মেরেছে, আপনি খেয়াল করলে দেখবেন, এরকম ছয় আমরা খুব কমই মারতে পারি। তার জন্য দোয়া করি যেন ধারাবাহিকভাবে সামনে আরও ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ।’

ব্যাট হাতে দারুণ করেছেন তাওহীদ হৃদয়ও। তাদের দুর্দান্ত ব্যাটিংয়েই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। হৃদয়-শামীমের এই ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন কিউই ব্যাটার ডিন ক্লেভার। তাদের ৩৬০ ডিগ্রি ব্যাটিং নিয়েও প্রশংসা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ক্লেভার বলেন, ‘শেষের দিকে ওই দুই ব্যাটার (হৃদয় ও শামীম) দারুণভাবে খেলেছে। তারা ৩৬০ ডিগ্রিতে খেলে রান তুলেছে। বলের গতি ভালোভাবে কাজে লাগিয়েছে। আর যখন ছক্কার দরকার হয়েছে, তখন ছক্কাও মেরেছে।’

চট্টগ্রামে আজ প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে হৃদয়ের ফিফটি ও ইমন-শামীমের ক্যামিওতে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল। আগামী বুধবার (২৯ এপ্রিল) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট