
লিটন দাসের নেতৃত্বে দারুণ এক জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে আগে বোলিং করতে নেমে বড় লক্ষ্য পেলেও ব্যাটারদের কল্যাণে লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়েছে টাইগাররা। তাতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে লাল-সবুজের দল।
নিউজিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। সফরকারীদের বোলিং লাইনআপের বিপক্ষে এই টার্গেট কিছুটা কঠিন মনে হলেও তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারি এবং পারভেজ ইমনদের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।
বাংলাদেশের এই দুর্দান্ত জয়ের পেছনে ব্যাটারদেরই কৃতিত্ব দিয়েছেন লিটন। বিশেষ করে ম্যাচ জয়ের অন্যতম নায়ক হৃদয়ের প্রশংসা করেছেন টাইগার দলপতি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটারদের প্রশংসা করে লিটন বলেন, ‘এটা দারুণ একটা দারুণ ম্যাচ ছিল, বিশেষ করে আমরা যেভাবে ব্যাটিং করেছি। হৃদয় যেভাবে খেলেছে তাতে আমি খুব খুশি। সে ম্যাচটা আমাদের জন্য ছিনিয়ে এনেছে। মাঝের ওভারগুলোতে ইমন ও হৃদয় ভালো করেছে। আর শামীম শেষদিকে এসে দারুণভাবে খেলাটা শেষ করেছে।’
বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য বেশ বড় ছিল। তাই পাওয়ারপ্লেতে ভালো করতে পারলে লক্ষ্যে পৌঁছানোটা সহজ হয়ে যেত। তবে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলতে সক্ষম হয়েছিল টাইগাররা। যদিও ১১ ওভারে ৮০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে চাপের মাঝেই হৃদয়, ইমন ও শামীম মিলে কঠিন কাজটা সহজ করে দিয়েছেন বলে মনে করেন লিটন।
টাইগার দলপতি বলেন, ‘এই মাঠে ১৮৩ রান অনেক বড় স্কোর, কারণ উইকেটটা কিছুটা ধীরগতির ছিল। বিরতির সময় আমি বলেছিলাম, পাওয়ারপ্লেতে যদি ভালো শুরু করা যায়, তাহলে পরের ওভারগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। ইমন, হৃদয় এবং শামীম মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাটিং করেছে, তাতে ব্যাপারটা সহজ মনে হলেও, আসলে তা সহজ ছিল না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ ১৩৫ রানের টার্গেট তাড়া করে জিতেছিল টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/বিটি



















