Connect with us
ক্রিকেট

রেকর্ড গড়ে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

Bangladesh beat New Zealand in the first T20I, setting a record.
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ এক শুরু পেল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে রেকর্ডগড়া এক জয় তুলে নিয়েছে টাইগাররা। তাওহীদ হৃদয়ের ফিফটি ও শামীম-ইমনদের দারুণ ক্যামিওতে ৬ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশের।

রানতাড়ায় নেমে শুরুতে কিছুটা দেখেশুনে খেলে বাংলাদেশ। ধীরে ধীরে রান তোলার গতি বাড়াতে থাকে টাইগাররা। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে দলীয় ৪১ রানের মাথায় ফিরে যান সাইফ (১৬)। তিনে লিটন দাস এসে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন। তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৬৬ রানের মাথায় ১৫ বলে ২১ রান করে বিদায় নেন টাইগার দলপতি।



লিটন ফেরার পরেই তার দেখানো হাঁটেন তানজিদ তামিম। ব্যাট হাতে কিছুটা স্ট্রাগল করতে থাকা এই ওপেনার ২৫ বলে ২০ রান করে বিদায় নেন। তাতে ১০.১ ওভারের মাথায় ৭৭ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেট ব্যাটারদের হারিয়ে ক্রিজে ছিলেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে এই দুজনেই খেলার গতিপথ বদলে দেন। চতুর্থ উইকেটে তাদের ২৮ বলে ৫৭ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা।

দলীয় ১৩৪ রানের মাথায় বিদায় নেন ইমন। সাজঘরে ফেরার আগে ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রানের ঝোড়ো ক্যামিও খেলেন এই বাঁহাতি ব্যাটার। পরবর্তীতে হৃদয় ও শামীম হোসেনের ২১ বলে ৪৯ রানের অপরাজিত জুটিতে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হৃদয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ ফিফটি তুলে নেন। ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে শামিম ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করে অপরাজিত ছিলেন।

Tawhid Hridoy 6th t20 fifty

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

এর আগে ব্যাট করতে নেমে কাটিনে ক্লার্ক ও ডেইন ক্লিভারের ফিফটিতে বড় পুঁজি গড়তে সক্ষম হয় নিউজিল্যান্ড। ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লিভার ২৮ বলে ৫১ রান করেন। এছাড়া নিক কেলি ২৭ বলে ৩৯ এবং জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ রান করেন।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মেহেদি হাসান। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি ২টি এবং নাথান স্মিথ ও ক্লার্কসন একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর : 

নিউজিল্যান্ড : ১৮২/৬ (২০ ওভার)

বাংলাদেশ : ১৮৩/৪ (১৮ ওভার)

ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট