
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর নতুনভাবে দায়িত্ব পেয়েছে ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি। এই কমিটির নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেছেন, জাতীয় দলের অধিনায়ক থাকা আর বোর্ড পরিচালনা করা এক জিনিস নয়। অধিনায়ক হিসেবে যেখানে শুধু দল ও মাঠের খেলায় মন দিতে হয়, সেখানে বোর্ডের দায়িত্বে পুরো কাঠামো নিয়ে ভাবতে হয়। খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ডের কর্মচারী সব দিক বিবেচনায় রাখতে হয়। তাই এখানে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয় বলেই মনে করেন তিনি।
তামিম মনে করেন, একজন খেলোয়াড় হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা এই দায়িত্ব পালনে কাজে দিচ্ছে। ড্রেসিংরুমে থাকাকালে খেলোয়াড়দের ভাবনা, চাওয়া-পাওয়ার বিষয়গুলো কাছ থেকে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এখন বোর্ডের কিছু জায়গায় উন্নতির সুযোগ খুঁজে পাচ্ছেন।
তিনি বলেন, আগে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের একটা দূরত্ব ছিল। দুই পক্ষই একে অপরকে পুরোপুরি বুঝতে পারত না। তবে তিনি কাউকেই দোষ দিতে চান না। বরং এই দূরত্ব কমিয়ে আনার দিকেই গুরুত্ব দিতে চান।
সময় কম থাকলেও ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় প্রভাব আনা সম্ভব বলেও মনে করেন তামিম। তার মতে, বড় সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ছোট বিষয়গুলো ঠিক করলেও ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আসবে।
আন্তর্জাতিক ক্ষেত্রেও সক্রিয় হতে চান তিনি। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরতে চান। এতে দেশের ক্রিকেট এগিয়ে নিতে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা তার।
দর্শকদের বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন তামিম। তিনি বলেন, কম দামের টিকিট কিনে মাঠে আসা একজন দর্শকের জন্য অতিরিক্ত খরচ করা কঠিন হয়ে পড়ে। তাই মাঠে পানি সরবরাহ, উন্নত টয়লেটসহ প্রয়োজনীয় সুবিধা বাড়ানোর কথা বলেছেন তিনি। বিশেষ করে মিরপুরের স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/টিএ




















