Connect with us
ফুটবল

ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর পরিকল্পনা ফিফার

Fifa
বাড়ছে বিশ্বকাপ প্রাইজমানি। ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। তার আগেই অংশগ্রহণকারী দলগুলোর জন্য অর্থ পুরস্কার বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিভিন্ন দেশের ফুটবল সংস্থার উদ্বেগের কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপে খেলা দলগুলোর আর্থিক অনুদান বাড়ানোর পাশাপাশি সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন তহবিলও বাড়ানো হবে।

ফিফা আগামী চার বছরে মোট ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ঠিক করেছে। এর বড় অংশই আসবে ২০২৬ সালের বিশ্বকাপ থেকে। ধারণা করা হচ্ছে, এই এক আসর থেকেই প্রায় ৯ বিলিয়ন ডলার আয় হবে।



এর আগে ফিফা রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছিল। সেই হিসাবে, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল একটি নির্দিষ্ট অঙ্ক পাবে এবং চ্যাম্পিয়ন দল পাবে সবচেয়ে বেশি অর্থ। তবে নতুন পরিকল্পনায় এই অঙ্ক আরও বাড়ানো হতে পারে।

প্রাথমিক পরিকল্পনায় প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে কিছু অতিরিক্ত অর্থ দেওয়ার ব্যবস্থা ছিল। প্রথম পর্ব থেকে শুরু করে শেষ আট, সেমিফাইনাল প্রতিটি ধাপে বাড়তি অর্থ নির্ধারণ করা হয়েছিল। এখন সেটিও বাড়তে পারে বলে আলোচনা চলছে।

এই বিশ্বকাপ আয়োজনের খরচ আগের আসরের তুলনায় বেশি হওয়ায় কিছু ইউরোপীয় দল আর্থিক চাপের কথা জানিয়েছে। সেই বিষয়টিও বিবেচনায় নিচ্ছে ফিফা।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে হবে ম্যাচগুলো। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই অর্থ পুরস্কার বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল