
লিগে টানা ব্যর্থতার মধ্যে থেকেও কাপ প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল চেলসি। প্রধান কোচকে সরিয়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ এক ম্যাচ জিতে ফাইনালে উঠেছে লন্ডনের দলটি।
রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারায় চেলসি। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে, ২৩ মিনিটে। ডান দিক থেকে পেদ্রো নেতোর বাড়ানো বল হেডে জালে পাঠান এন্সো ফের্নান্দেস। শেষ পর্যন্ত সেই এক গোলই পার্থক্য গড়ে দেয়।
এই ম্যাচে চেলসির ডাগআউটে ছিলেন না স্থায়ী প্রধান কোচ। সাম্প্রতিক খারাপ ফলাফলের কারণে কয়েক দিন আগে কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান ক্যালাম ম্যাকফার্লেন। তার অধীনেই এই ম্যাচে নামে দলটি।
ম্যাচের শুরুটা ভালো করলেও পুরো খেলায় চেলসির পারফরম্যান্স খুব ধারাবাহিক ছিল না। বল দখল ও আক্রমণে অনেক সময় পিছিয়ে ছিল তারা। লিডস ইউনাইটেড বেশ কয়েকটি সুযোগ তৈরি করে, শটও নেয় বেশি। তবে গোলের সামনে এসে তারা ব্যর্থ হয়।
এই জয় চেলসির জন্য বাড়তি গুরুত্ব বহন করে। কারণ চলতি মৌসুমে লিডসের বিপক্ষে আগের দুই ম্যাচে জিততে পারেনি তারা। একবার হেরেছে, আরেকটি ম্যাচ ড্র করেছে। সেই হতাশা কাটিয়ে এবার গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিতে পেরেছে দলটি।
লিগে সবশেষ পাঁচ ম্যাচে হারের পাশাপাশি একটিও গোল করতে পারেনি চেলসি। সেই ব্যর্থতার চাপ নিয়েই তারা এই সেমিফাইনালে নামে। তাই এই জয় দলটির আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
অন্যদিকে, আগের দিন অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জয় পায় ম্যানচেস্টার সিটি। ফলে ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও সিটি।
আগামী ১৬ মে ওয়েম্বলি স্টেডিয়ামেই হবে ফাইনাল। আটবারের চ্যাম্পিয়ন চেলসি ও সাতবারের শিরোপাজয়ী সিটির লড়াই নিয়ে এখনই বাড়ছে আলোচনা। কঠিন সময় পার করলেও শিরোপা জয়ের সুযোগ এখন সামনে চেলসির।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/টিএ























