
দুর্দান্ত এক ইনিংস খেলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তার ঝড়ো সেঞ্চুরির পরও ম্যাচ জিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রাজস্থান। প্রথম ওভারেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন সূর্যবংশী। তার এমন শুরুর পর দ্রুত রান তুলতে থাকে দলটি। যশস্বী জয়সওয়াল দ্রুত আউট হলেও তাতে গতি কমেনি।
ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন সূর্যবংশী। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ১১২ রান যোগ করেন। জুরেল ৩৫ বলে ৫১ রান করেন। অন্যদিকে সূর্যবংশী নিজের ইনিংস এগিয়ে নিতে থাকেন দারুণ আত্মবিশ্বাসে।
মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা এই প্রতিযোগিতার দ্রুততম সেঞ্চুরিগুলোর একটি। শেষ পর্যন্ত ৩৭ বলে ১০৩ রান করে আউট হন, যেখানে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা। এই ইনিংসে তিনি একাধিক রেকর্ড গড়েছেন, যার মধ্যে রয়েছে কম সময়ে এক হাজার রান পূর্ণ করা এবং কম বল খেলে একাধিক সেঞ্চুরি করার কৃতিত্ব।
শেষ দিকে দোনোভান পেরেইরা ১৬ বলে ৩৩ রান যোগ করলে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২২৮ রান তোলে রাজস্থান। এটি এই দলের প্রথম ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একটি ধাক্কা খায় হায়দরাবাদ। তবে এরপর ইশান কিষাণ ও অভিষেক শর্মা দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। দ্বিতীয় উইকেটে তারা ১৩২ রানের জুটি গড়ে রাজস্থানের ওপর চাপ বাড়িয়ে দেন।
কিষাণ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ৩১ বলে ৭৪ রান করেন তিনি, যেখানে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে অভিষেক শর্মাও সমান তালে রান তোলেন। ২৯ বলে ৫৭ রান করেন তিনি।
এই জুটির পর নীতিশ কুমার রেড্ডি দ্রুত রান তুলে ম্যাচ প্রায় নিশ্চিত করে দেন। ১৮ বলে ৩৬ রান করে তিনি দলের জয়ের পথ সহজ করেন। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে জয় পায় হায়দরাবাদ।
এই জয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল হায়দরাবাদ। পয়েন্ট তালিকায় দুই দলের সমান পয়েন্ট থাকলেও ভালো রান গড়ের কারণে এগিয়ে রয়েছে হায়দরাবাদ
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/টিএ




















