
গত দুই বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ। জাতীয় দলে স্পিন বোলিং কোচের দায়িত্বে আছেন তিনি। তার অধীনে স্পিন বিভাগে আগের চেয়ে অনেক উন্নতি করেছে টাইগাররা। এই পাকিস্তানি কোচ মনে করেন সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন মুশতাক। এ সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া দলের স্পিনারদের নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন এই কোচ।
বাংলাদেশের পাইপলাইনে আগের চেয়ে ক্রিকেটার বেড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ-তাসকিন-রানাদের বিশ্রাম দিয়ে সাকলাইন-রিপনদের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে এমনটাই মনে করছেন মুশতাক। তাতে দেশের ক্রিকেটও সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক স্পিনার।
মুশতাক বলেন, ‘সাদা বলের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে হবে। এটা তরুণদের মাঝে বিশ্বাস তৈরি করে। সাকলাইন, রিপনের মতো নতুন আরও অনেকে আছে। আমাদেরকে বেঞ্চ শক্তিশালী করতে হবে। আল্লাহর রহমতে বাংলাদেশের ক্রিকেট ঠিক পথে এগোচ্ছে।’
চট্টগ্রামের উইকেটে স্পিনারদের কেমন কৌশল অনুসরণ করতে হবে সেটা জানিয়ে মুশতাক বলেন, ‘নাসুম ও মেহেদি অসাধারণ। তারা খুব ভালো করছে। ওয়ানডে সিরিজে মিরাজও ভালো বোলিং করেছে। পেসারদের পাশাপাশি স্পিনাররাও ভালোই বল করছে। এই পিচে কিছুটা স্পিন ধরতে পারে। এখানে স্পিনারদের বল ঘুরাতে হবে।’
আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর ঢাকায় পাড়ি জমাবে তারা। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই দুপুর ২টায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৬/বিটি



















