
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। ৩-২ গোলে জিতে গুরুত্বপূর্ণ এই সাফল্য তুলে নেয় অর্পিতা দাসদের দল।
এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাত্রা শুরু হয় মেয়েদের। দ্বিতীয় ম্যাচেই জয় পাওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে দলের।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াই জমে ওঠে। খেলার ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন শারিকা সাফা। তবে খুব দ্রুতই ম্যাচে ফিরে আসে উজবেকিস্তান। এক মিনিটের মধ্যে গোল শোধ করে তারা। ফলে প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণের পর ২৪ মিনিটে কনা আক্তার গোল করে আবারও দলকে এগিয়ে নেন। এতে বিরতিতে যাওয়ার আগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার পায় দলটি। সেই সুযোগ কাজে লাগিয়ে আইরিন আক্তার গোল করলে ব্যবধান হয় ৩-১।
চতুর্থ কোয়ার্টারের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ভালো ছিল না। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমায় উজবেকিস্তান। এরপর শেষ সময় পর্যন্ত সমতায় ফেরার চেষ্টা চালায় তারা। তবে বাংলাদেশের মেয়েরা দৃঢ়ভাবে রক্ষণ সামলে জয় ধরে রাখে।
এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। উজবেকিস্তান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
আগামী রোববার হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আট দলের এই প্রতিযোগিতায় শীর্ষ চার দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশের নারী হকি দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে যা ভবিষ্যতে হকিতে আরও সাফল্য এনে দেবে।
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৬/টিএ






















