Connect with us
ক্রিকেট

নাহিদ রানা দেশের সম্পদ, সবাইকে ওর যত্ন নিতে হবে : মিরাজ

Nahid Rana is a national asset, everyone must take care of him: Miraz.
নাহিদ রানা। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হেরে গিয়েও পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে শিরোপা নিজেদের ঘরেই রেখে দিয়েছে লাল-সবুজের দল।

প্রথম ম্যাচে হারেরও পরও হাল ছাড়েনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার দুর্দান্ত ফাইফারের কল্যাণে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তাতে সিরিজেও সমতা ফিরে পায় টাইগাররা। ওই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান রানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতেও বল হাতে দুর্দান্ত করেন রানা। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। সবমিলিয়ে সিরিজের ৩ ম্যাচে এক ফাইফারসহ ৮ উইকেট শিকার করেন তিনি। যেখানে ওভারপ্রতি মাত্র ৪.৪৭ রান খরচ করেন। তাতে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার হাতেই উঠেছে।



ম্যাচশেষে রানার প্রশংসা করেন মিরাজ। তার মতে, রানা দেশের ক্রিকেটের একজন বড় সম্পদ। সবাইকে তার যত্ন নেওয়ার কথা জানান এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘নাহিদ রানা আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। আমরা সবাই চেষ্টা করব ওর যত্ন নেওয়ার। ও যেভাবে মেইনটেইন করছে এটা একটা দলের জন্য বাড়তি সুবিধা।’

গত মাসে পাকিস্তানের বিপক্ষে একটা ফাইফার নিয়েছিলেন রানা। এবার নিউজিল্যান্ড সিরিজেও একটা ফাইফার পেয়েছেন এই পেসার। দুটো সিরিজেই ম্যাচজয়ী পারফরম্যান্স উপহার দিয়েছেন রানা। তিনি এভাবে বোলিং করে গেলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও জয় এনে দিতে পারবেন বলে মনে করেন মিরাজ।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত দুইটা সিরিজে ও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছে। এটা দলের জন্য ভালো একটা মোমেন্টাম নিয়ে আসে। আমার কাছে মনে হয় ও যেভাবে বোলিং করছে, এটা সামনে চালিয়ে যেতে পারলে বাংলাদেশ দলকে অনেক ম্যাচ জেতাতে পারবে।’

ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা উপহার দিলেও প্রথম দুই টি-টোয়েন্টিতে দলে রাখা হয়নি রানাকে। মূলত আগামী মাসে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভালো প্রস্তুতির জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট