
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজে ১- ১ সমতা ফেরায় টাইগাররা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে সফরকারীদের ৫৫ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের দল।
শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নাজমুল হোসেন শান্ত। আর পুরো সিরিজ জুড়ে বল হাতে দাপুটে পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নাহিদ রানা।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করছেন নাজমুল হোসেন শান্ত। ছবি- বিসিবি
এদিন চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে ২৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে সেঞ্চুরি তুলে নেন শান্ত। দলীয় ৯ রানে ২ উইকেট পতনের পর চারে ব্যাট করতে আসেন শান্ত। চাপের মুখে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলে ফিফটি তুলে নেন তিনি। ফিফটি তোলার পর চাপমুক্ত হয়ে রানতোলার গতি কিছুটা বাড়িয়ে দেন তিনি।
ফিফটি তোলার পর সেই ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করেন শান্ত। ১১৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান এই বাঁহাতি ব্যাটার। ওয়ানডেতে এটি চার চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তাতে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতেই।
এদিকে বল হাতে আগের ম্যাচে ফাইফার তুলে নিয়েছিলেন নাহিদ রানা। ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন এই পেসার। এবার শেষ ওয়ানডেতেও বল হাতে দুর্দান্ত করেছেন তিনি। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে উইল ইয়াং ও জশ ক্লার্কসনের গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছেন এই এক্সপ্রেস।

সিরিজসেরার পুরস্কার গ্রহণ করছেন নাহিদ রানা। ছবি- বিসিবি
সবমিলিয়ে এই সিরিজের ৩ ম্যাচে এক ফাইফারসহ ৮ উইকেট শিকার করেছেন রানা। তার বোলিং ইকোনমিও ছিল বেশ সন্তোষজনক। পুরো সিরিজে ওভারপ্রতি মাত্র ৪.৪৭ রান খরচ করেছেন তিনি। যার ফলে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার হাতেই উঠেছে।
এদিন বাংলাদেশের দেয়া ২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বল হাতে আজ ফাইফার তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া রানার সমান দুটি উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/বিটি




















