
চীনের সানিয়ায় শুরু হয়েছে এশিয়ান বিচ গেমসের ষষ্ঠ আসর। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আলাদা আলাদা ম্যাচে খেলেছে বাংলাদেশের নারী ও পুরুষ কাবাডি দল । নারী ও পুরুষ দুই দলই দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে।
সকালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের নারীদের কাবাডি ম্যাচ। যেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী থাইল্যান্ড। এই ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭ পয়েন্টের এক বড় জয় নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচজুড়ে দাপুটে খেলা উপহার দিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছে বাংলাদেশ। রেইডারদের নিখুঁত দক্ষতা ও ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ় প্রতিরোধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের মেয়েরা। তাতে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের দল।
এরপর দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত খেলা উপহার দিয়েছে লাল-সবুজের মেয়েরা। তাতে শেষ পর্যন্ত বাংলাদেশ ৫১ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়। তবে থাইল্যান্ড ৩৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারেনি। তাতে ১৭ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজের মেয়েদের।
বিকালে সিরিয়ার বিপক্ষে খেলতে নামে পুরুষ কাবাডি দল। এই ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিয়াকে ৩১ পয়েন্টে বড় ব্যবধানে হারায় তারা। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেছে বাংলাদেশ। তাতে প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আরও ২৫ পয়েন্ট যোগ করে বাংলাদেশ। বিপরীতে সিরিয়া কেবল ১৫ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়। তাতে ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/বিটি




















