
লা লিগায় গুরুত্বপূর্ণ এক ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। তবে জয়ের আনন্দের মধ্যেই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লামিনে ইয়ামালের চোট।
বুধবার রাতে নিজেদের মাঠে ম্যাচের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। প্রথম দিকেই একাধিক আক্রমণে চাপ তৈরি করে সেল্তা। গোলরক্ষক হোয়ান গার্সিয়া কয়েকটি ভালো সেভ করে দলকে বিপদ থেকে বাঁচান।
ধীরে ধীরে খেলায় ফেরে বার্সেলোনা, কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ৩৯তম মিনিটে বক্সের ভেতর ফাউলের শিকার হন ইয়ামাল। রেফারি পেনাল্টি দিলে নিজেই শট নিয়ে গোল করেন এই তরুণ। এটাই ম্যাচের একমাত্র গোল।
তবে গোল করার পরই অস্বস্তি অনুভব করেন ইয়ামাল। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর আর মাঠে থাকতে পারেননি। তাকে সরাসরি মাঠ ছাড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, পায়ের পেছনের মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি।
এরপর ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। গ্যালারিতে এক দর্শক অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা দেওয়ার জন্য খেলা থামানো হয়। প্রায় বিশ মিনিট পর আবার খেলা শুরু হয়।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আর গোল করতে পারেনি। একবার বল জালে গেলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। সেল্তাও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি।
এই জয়ে ৩২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৮২। একই ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপা দৌড়ে তাই এগিয়ে থাকল বার্সেলোনা, তবে ইয়ামালের চোট এখন তাদের বড় চিন্তার কারণ।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/টিএ






















