
চলতি আইপিএলে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। হার দিয়ে আসর শুরু পর টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল তারা। পরে আর জয়ের মুখ দেখেনি দলটি। এবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে টানা চার ম্যাচে হারের স্বাদ পেল ঋষভ পন্তের দল।
বুধবার (২২ এপ্রিল) লখনৌ সুপার জায়ান্টসকে ৪০ রানে হারিয়েছে রাজস্থান। তাতে টানা দুই হারের পর ফের জয়ে ফিরেছে রিয়ান পরাগের দল।
লখনৌতে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক ঋষভ পন্ত। আগে বোলিংয়ে নেমে রাজস্থানকে বড় পুঁজি গড়তে দেয়নি লখনৌ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সক্ষম হয় সফরকারী। তবে ব্যাটিং ব্যর্থতায় এই রানও তাড়া করতে পারেনি লখনৌ। ১৮ ওভারে ১১৯ রান তুলেই গুটিয়ে যায় পন্তরা।
স্বল্প রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনৌ। দলীয় ১১ রানেই বিদায় নেন টপ অর্ডারের তিন ব্যাটার। আয়ুশ বাদোনি, ঋষভ পন্ত এবং এইডেন মার্ক- তিনজনেই ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন। এরপর নিকোলার পুরানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মিচেল মার্শ। তবে এই জুটি ৪৩ রানের বেশি টিকেনি। ৫৪ রানের মাথায় বিদায় নেন পুরান (২২)।

পন্তকে ফিরিয়ে বার্গারের উল্লাস। ছবি- বিসিসিআই
এরপর হিম্মত সিংকে নিয়ে আরও ৩৭ রান যোগ করেন মার্শ। ৯১ রানের মাথায় ফিরে যান হিম্মত (১৫)। দলীয় ১০৫ রানের মাথায় ফিরে যান মার্শও। তাতে জয়ের পথ থেকে অনেকটাই ছিটকে যায় লখনৌ। মার্শ ৪১ বলে ৫৫ রান করে। পরবর্তীতে আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। তাতে ১১৯ রানেই লখনৌ ইনিংসের সমাপ্তি ঘটে।
রাজস্থানের হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ২০ রান দিয়ে ৩ উইকেট নেন জোফরা আর্চার। ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন নান্দ্রে বার্গার। ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ব্রিজেশ শর্মা। এছাড়া একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণোই।
এর আগে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পাননি কেউ। সর্বোচ্চ ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। যসশ্বী জয়সওয়ালের ব্যাট থেকে আসে ১২ বলে ২২ রান। শিমরন হেটমায়ার ১৮ বলে ২২ রান করেন। এছাড়া দোনোভান ফেরেইরা ২০, রিয়ান পরাগ ২০ এবং শুভম দুবে ১৯ রান করেন।
লখনৌর হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন মহসিন খান। এছাড়া মোহাম্মদ শামি ৩০ রান এবং প্রিন্স যাদব ২৯ রান দিয়ে সমান ২টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
রাজস্থান রয়্যালস : ১৫৯/৬ (২০ ওভার)
লখনৌ সুপার জায়ান্টস : ১১৯/১০ (১৮ ওভার)
ফলাফল : রাজস্থান রয়্যালস ৪০ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/বিটি



















