
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গতকাল (২১ এপ্রিল) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
সাকলাইনের বাবা নেই। জাতীয় দলে ডাক পেয়েই প্রথমে মাকে ফোন করেন এই অলরাউন্ডার। তাছাড়া দলের অধিনায়ক ও নির্বাচকের সঙ্গেও কথা হয়েছে সাকলাইনের।
জাতীয় দলের ডাক পাওয়ার পর আজ বুধবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকলাইন। এ সময় মায়ের সঙ্গে কথোপকথন নিয়ে তিনি বলেন, ‘আমার বাবা নেই, তাই প্রথমে আম্মুকেই প্রথম ফোন করেছিলাম। আম্মুর সাথে কথা হয়েছে। তারপরে ঢাকায় আমি যার বাসায় থাকি উনাদের সাথে কথা হয়েছে।’
মায়ের সঙ্গে কি কথা হয়েছে সেটা জানিয়ে সাকলাইন বলেন, ‘আম্মু আমাকে একটাই কথা বলছেন যে, বেশি এক্সাইটেড যেন না হই। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। আর সুযোগ যেহেতু এসেছে, কাজে লাগানোর চেষ্টা করো। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা।’
সাকলাইন জাতীয় দলে ডাক পাওয়ার পর তাকে ফোন করেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া নির্বাচক হাবিবুল বাশার সুমনও তাকে ফোন করেন। এ বিষয়ে সাকলাইন বলেন, ‘হ্যাঁ, আমাকে ক্যাপ্টেন দাদা (লিটন দাস) ফোন করেছিলেন। উনার সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচকের সঙ্গেও কথা হয়েছে, উনিও আমাকে ফোন করেছিলেন।’
অনেকদিন ধরেই ঘরোয়া ক্রিকেট মাতিয়ে বেড়াচ্ছেন সাকলাইন। গত বছর এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স করেন৷ এরপর সবশেষ বিপিএলেও রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার। জাতীয় দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণেই তাকে দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৬/বিটি



















