
গত কয়েক বছরে পেস বিভাগে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। দলের সিনিয়র পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদদের পর আরও বেশ কয়েকজন তরুণ পেসার দলে জায়গা করে নিয়েছেন। যার ফলে পেস বিভাগে একাধিক অপশন তৈরি হয়েছে। এমনকি মূল একাদশে জায়গা করে নিতেও পেসারদের মধ্যে এক সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে।
পেস বিভাগে এমন উন্নতির ফলে বাংলাদেশের বোলিং বিভাগ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। ফলে অতীতে স্পিনারদের ওপর বেশি নির্ভর করা টাইগাররা এখন পেসারদের ওপরই বেশি নির্ভরশীল। বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্সে এমনটাই চোখে পড়েছে। সবশেষ পাকিস্তান সিরিজ কিংবা চলমান নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকালে এমনটাই চোখে পড়বে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বল হাতে দাপট দেখিয়েছেন পেসাররা। দলের পেস বিভাগের স্তম্ভ মুস্তাফিজুর রহমান না থাকলেও তার অভাব বুঝতেই দেননি নাহিদ-শরিফুলরা। দুই ম্যাচে নিউজিল্যান্ডের ১৮ উইকেট নিয়েছে বাংলাদেশ। যা মধ্যে পেসাররাই পেয়েছেন ১৪ উইকেট। আর এখানেই পেস বিভাগের উন্নতি স্পষ্ট হয়ে যায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর প্রতিপক্ষ পেসারের প্রশংসাও কুড়াচ্ছেন নাহিদ-শরিফুলরা। বাংলাদেশের পেস বিভাগকে বেশ শক্তিশালী এবং বিশ্বমানের বলেছেন কিউই পেসার উইল ও’রুর্ক।
আজ বুধবার সংবাদ সম্মেলনে ও’রুর্ক বলেন, ‘আমরা এখানে আসার আগে থেকেই ধারণা করেছিলাম পেস সহায়ক উইকেট পাওয়া যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের খুব ভালো একটি পেস আক্রমণ আছে। দলে বিশ্বমানের বোলারও আছে। শেষ ম্যাচে রানাও খুব ভালো বোলিং করেছে। মুস্তাফিজের মতো বোলাররাও আছে। তাই নিঃসন্দেহে বাংলাদেশের একটি দারুণ পেস আক্রমণ আছে।’
প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তবে তৃতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজ জিততে চায় কিউইরা। ও’রুর্ক বলেন, ‘আমরা এখানে এসে সিরিজ জেতার ব্যাপারটাকে খুব গুরুত্ব দিচ্ছি। তাই আমরা অবশ্যই প্রস্তুত থাকবে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামব এবং আমাদের সেরাটা দিয়ে সিরিজ জিততে চাইব।’
আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৬/বিটি



















