Connect with us
ক্রিকেট

পিএসএলে অষ্টম জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করল পেশোয়ার

Peshawar secure the top spot in the table with their eighth win in the PSL.
পিএসএলে অষ্টম জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি। ছবি- পিসিবি

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির জয়রথ চলছেই। চলতি আসরে এখন পর্যন্ত কোনো হারের স্বাদ না পাওয়া ফ্রাঞ্চাইজিটি তাদের অষ্টম জয় তুলে নিয়েছে। তাতে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। 

আজ বুধবার (২২ এপ্রিল) নিজেদের নবম ম্যাচে করাচি কিংসকে ৭ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে করাচি। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার।

রানতাড়ায় নেমে পাওয়ারপ্লেতেই ফিরে যান পেশোয়ারের দুই ওপেনার জেমস ভিন্স ও বাবর আজম। ভালো শুরু পেয়েও ১৯ বলে ২৫ রান করে পঞ্চম ওভারে বিদায় নেন বাবর। পরের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন ভিন্স। তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৬ রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি অ্যারন হার্ডিও। ৬ বলে ৫ রান করে বিদায় নেন এই ব্যাটার।



টপঅর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পেশোয়ার। তবে এই চাপ থেকে দলকে উদ্ধার করেন কুশল মেন্ডিস ও ফারহান ইউসুফ। জয়সূচক এক জুটি গড়েন তারা। এই জুটিতেই জয়ের পথে এগোতে থাকে পেশোয়ার। শেষ পর্যন্ত মেন্ডিস ও ইউসুফের ৬৯ বলে ১১৯ রানের অপরাজিত জুটিতে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।

মেন্ডিস ব্যাট হাতে আরও একবার দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। ৪৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮০ রান করে অপরাজিত ছিলেন তিনি। চলতি আসরে এটি তার চতুর্থ পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তাছাড়া একটি সেঞ্চুরিও রয়েছে এই লঙ্কান তারকার। অন্যপ্রান্তে ইউসুফ ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত ছিলেন। করাচির হয়ে একটি করে উইকেট নেন খুশদিল শাহ, হাসান আলী ও ফারহান ইউসুফ।

এর আগে ব্যাট করতে নেমে জ্যাসন রয়ের ৮৫ রানের ইনিংসে ভর করে বড় পুঁজি গড়তে সক্ষম হয় করাচি। ৫১ বলে ১১ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ইংলিশ ওপেনার। এছাড়া আজম খান ১৯ বলে ৩৫ এবং বাকিরা ছোট ছোট ক্যামিও খেলেন।

পেশোয়ারের হয়ে বল হাতে হ্যাটট্রিক তুলে নেন আলী রাজা। ২০তম ওভারের শেষ ৩ বলে ৩টি উইকেট নেন এই তরুণ পেসার। সবমিলিয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ বাসিত, ইফতিখার আহমেদ, সুফিয়ান মুকিম ও অ্যারন হার্ডি।

সংক্ষিপ্ত স্কোর :

করাচি কিংস : ১৮২/৯ (২০ ওভার)

পেশোয়ার জালমি : ১৮৬/৩ (১৮.৫ ওভার)

ফলাফল : পেশোয়ার জালমি ৭ উইকেটে জয়ী

এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে পেশোয়ার। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মুলতান সুলতানস। তাই পেশোয়ার গ্রুপ পর্বের বাকি এক ম্যাচে হেরে গেলেও শীর্ষেই থাকবে।

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট