Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ-রানাদের ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

Bangladesh announce T20 squad without Mustafizur and Rana.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দলের তারকা পেসারদের বিশ্রাম দিয়েছে বিসিবি। টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তিন তারকা পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানার। তবে পিএসএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়া পারভেজ হোসেন ইমন এই সিরিজ দিয়েই বাইশ গিজে ফিরছেন।

বাংলাদেশ দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই অলরাউন্ডার। এছাড়া ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। বাংলাদেশের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট, সবশেষ বিপিএল এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তারা। যার সুবাদেই সুযোগ মিলেছে জাতীয় দলে।



ইতোমধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে শেষ হয়েছে। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। এবার চট্টগ্রামে পাড়ি জমিয়েছে দুই দল। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজনির্ধারনী তৃতীয় ওয়ানডে ম্যাচ।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। আগামী ২৭ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ঢাকায় পাড়ি জমাবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই দুপুর ২টায় শুরু হবে।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড :

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট