
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার আবারও আলোচনায়, তবে এবার তার খেলার জন্য নয়, আচরণের কারণে। সাম্প্রতিক এক ম্যাচ শেষে সমর্থকদের প্রতিক্রিয়ার জবাবে কানে হাত দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
নিজের শৈশবের ক্লাব সান্তোস এফসির হয়ে খেলছেন নেইমার। কিন্তু দলের খারাপ ফলের কারণে সমর্থকদের অসন্তোষ বাড়ছে। বিশেষ করে ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়াম এখন তার জন্য চাপের জায়গা হয়ে উঠেছে।
সর্বশেষ ম্যাচে ফ্লুমিনেন্সর কাছে ২-৩ গোলে হারের পর পরিস্থিতি আরও খারাপ হয়। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় নেইমারকে লক্ষ্য করে গ্যালারি থেকে দুয়োধ্বনি শোনা যায়। এর জবাবে তিনি কানে হাত দিয়ে ইঙ্গিত দেন যে তিনি এসব শুনতে চান না। এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় সমালোচনা।
এর আগেও কয়েকদিন আগে এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন নেইমার। ফলে নতুন এই ঘটনাকে অনেকেই আগের ঘটনার ধারাবাহিকতা হিসেবে দেখছেন।
পরে নিজের সামাজিক মাধ্যমে এই ঘটনার ব্যাখ্যা দেন নেইমার। তিনি জানান, মানুষ সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এই ধরনের আচরণ সহ্য করা কঠিন। তবে তার এই বক্তব্য সবাই ভালোভাবে নেয়নি। অনেকের মতে, তিনি নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন।
ম্যাচের সময় একটি ঝুঁকিপূর্ণ কৌশল প্রয়োগ করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর থেকেই দর্শকদের অসন্তোষ শুরু হয়। সেই মুহূর্তে দল সমতায় ফেরার চেষ্টা করছিল, তাই সমর্থকদের বিরক্তি আরও বাড়ে। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় তার কানে হাত দেওয়ার ভঙ্গি সেই অসন্তোষকে আরও বাড়িয়ে দেয়।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে আরও প্রতিক্রিয়া জানালে সেখানেও কড়া ভাষা ব্যবহার করেন নেইমার, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ঘিরে এমন পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার আচরণ ও মানসিক অবস্থাও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৬/টিএ






















