Connect with us
ফুটবল

মেসির মতো সেরাদের শীর্ষে উঠতে চান ইয়ামাল

Yeamal
লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে লিওনেল মেসি এমন এক নাম, যার অর্জনের তালিকা এত দীর্ঘ যে তা গুনে শেষ করা কঠিন। ক্লাব ও দেশের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। ব্যক্তিগত পুরস্কারেও ভরপুর তার ক্যারিয়ার। সেই বার্সেলোনাতেই এখন নতুন করে আলো ছড়াচ্ছেন তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল।

মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যে নজর কেড়েছেন ইয়ামাল। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর কাজটাও করছেন নিয়মিত। তার এই ধারাবাহিক ভালো খেলার স্বীকৃতি হিসেবে একের পর এক পুরস্কারও পাচ্ছেন তিনি। সম্প্রতি ২০২৬ সালের লরিয়াস পুরস্কারে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হয়েছেন এই স্প্যানিশ ফুটবলার।

স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে আয়োজিত অনুষ্ঠানে ব্রাজিলের কিংবদন্তি কাফুর হাত থেকে পুরস্কার নেন ইয়ামাল। পুরস্কার গ্রহণের সময় তিনি স্মরণ করেন তার আদর্শ মেসিকে। ইয়ামাল বলেন, একজন ক্রীড়াবিদ যখন নিজের খেলার পাশাপাশি সব দিক থেকে অনন্য হয়ে ওঠেন, তখনই তাকে সেরাদের সেরা বলা যায়। তার মতে, মেসি সেই জায়গাতেই অবস্থান করছেন এবং তিনিও সেই পথ অনুসরণ করতে চান।



পুরস্কার জয়ের পর নিজের অনুভূতিও জানান ইয়ামাল। তিনি বলেন, এই সম্মান তার জন্য গর্বের। নিজের পরিবার, সতীর্থ এবং যারা তাকে সমর্থন করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ক্লাব ফুটবলেও দারুণ সময় কাটাচ্ছেন এই তরুণ। বার্সেলোনার হয়ে টানা দুই মৌসুমে স্প্যানিশ সুপারকাপ জিতেছেন তিনি। যদিও এবার ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় দলটি শেষ আট থেকে বিদায় নিয়েছে।

দেশের লিগে অবশ্য শক্ত অবস্থানেই আছে তার দল। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। কাছাকাছি থাকা রিয়াল মাদ্রিদ ৩১ ম্যাচে সংগ্রহ করেছে ৭০ পয়েন্ট। চলতি মৌসুমে লিগে ২৭ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন ইয়ামাল, আর গোল করতে সহায়তা করেছেন আরও ১২টিতে।

সব মিলিয়ে, অল্প বয়সেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ইয়ামাল। সামনে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল