
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন পেসার শরিফুল ইসলাম ও লেগস্পিনার রিশাদ হোসেন। সোমবার (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দেড়শত উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শরিফুল। আর রিশাদ ছুঁয়েছেন শততম উইকেটের মাইলফলক।
আন্তর্জাতিক ক্রিকেটের ১৫০তম উইকেটের মাইলফলক ছুঁতে শরিফুলের দরকার ছিল একটি উইকেট। নিউজিল্যান্ড ইনিংসের ৩৭তম ওভারে নিক কেলিকে ফিরিয়ে দেড়শত উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। সবমিলিয়ে ১০ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন এই বাঁহাতি পেসার।
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই খেলছেন শরিফুল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১২০ ইনিংসে ১৫১টি উইকেট শিকার করেছেন তিনি। আর বাংলাদেশের ১১তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দেড়শ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন ২৪ বছর বয়সি এই পেসার।
এদিকে রিশাদেরও শততম উইকেটের মাইলফলক ছুঁতে দরকার ছিল একটি উইকেট। শরিফুলের পরের ওভারেই এই মাইলফলকে পা রাখেন তিনি। ৩৮ তম ওভারে জশ ক্লার্কসনকে ফিরিয়ে শততম আন্তর্জাতিক উইকেট তুলে নেন এই লেগস্পিনার।
বাংলাদেশের হয়ে টেস্টে এখনো অভিষেক ঘটেনি রিশাদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৭২ ইনিংসেই শততম উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন এই লেগি। বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন এই তরুণ লেগস্পিনার।
রিশাদের পর শততম উইকেট নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন হাসান মাহমুদ। টাইগারদের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৭৫ ইনিংসে ৯৭ উইকেট শিকার করেছেন এই পেসার।
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/বিটি



















