
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মিরপুরে প্রথম ওয়ানডেতে আড়াইশ’র নিচে থাকা সহজ লক্ষ্য তাড়া করে জিততে ব্যর্থ হয় টাইগাররা। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। নাহিদ রানার আগুন ঝরানো বোলিং এবং তানজিদ-শান্তর ফিফটিতে দাপুটে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
আজ সোমবার (২০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছ মেহেদি হাসান মিরাজের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন সাইফ হাসান (৮)। দীর্ঘদিন পর একাদশে ফেরা সৌম্য সরকারও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তিনে নেমে ৮ রান করেই বিদায় নেন এই তারকা। তাতে দলীয় ২১ রান দ্বিতীয় উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
এই বিপদ থেকে দলকে উদ্ধার করেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তৃতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন তারা। এই জুটিতেই দলীয় শতরান পেরোয় টাইগাররা। তাতে ম্যাচের নিয়ন্ত্রণও চলে আসে বাংলাদেশের হাতে। এরইমাঝে ফিফটি তুলে নেন তানজিদ। ৪৪ রানের পর ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৩ বলেই ফিফটিতে পৌঁছে যান এই ওপেনার।

তৃতীয় উইকেটে ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন শান্ত ও তানজিদ। ছবি- বিসিবি
ফিফটি তোলার পরও আক্রমনাত্মক ভঙ্গিতে খেলে যান তানজিদ। তবে ২৩তম ওভারে দলীয় ১৪১ রানের মাথায় তানজিদের বিদায়ে ভেঙে যায় ১২০ রানের জুটি। ৫৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৬ রান করে বিদায় নেন এই ওপেনার। তানজিদ ফেরার পর লিটন এসেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ রান করে বিদায় নেন এই উইকেটরক্ষক ব্যাটার।
পরবর্তীতে শান্তর পায়েও চোট দেখা দেয়। তবুও হার মানেননি তিনি। ফিফটি তুলে দলের জয়ের পথ সহজ করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান এই বাঁহাতি ব্যাটার। পরবর্তীতে তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ ৩২ রানের অপরাজিত জুটি গড়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন জ্যাডেন লেনক্স।
এর আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার বোলিং তোপে বিধ্বস্ত হয় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সফরকারীদের হয়ে নিক কেলি ছাড়া কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১০২ বলে ১৪ চারের মারে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেন কেলি। বাকিরা কেউই বিশের ঘর ছুঁতে পারেননি।

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নিয়েছেন নাহিদ রানা। ছবি- বিসিবি
বাংলাদেশের হয়ে ফাইফার তুলে নেন রানা। ১০ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই গতিতারকা। ১ মেডেনসহ সমান ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া সৌম্য সরকার, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৯৮/১০ (৪৮.৪ ওভার)
বাংলাদেশ : ১৯৯/৪ (৩৫.৩ ওভার)
ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/বিটি



















