
অবশেষে চলতি আইপিএলের প্রথম জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পর নিজেদের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল তিন আসরের চ্যাম্পিয়নরা।
আজ রোববার (১৯ এপ্রিল) রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সহজ লক্ষ্যের ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত রিংকু সিংয়ের লড়াকু ফিফটির কল্যাণে আসরের প্রথম জয়ের স্বাদ পেল ফ্রাঞ্চাইজিটি।
ঘরের মাঠ ইডেন গার্ডেনসে টস হেরে আগে বোলিংয়ে নেমে দেড়শোর আশেপাশেই রাজস্থানকে আটকে দেয় কলকাতা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আজিঙ্কা রাহানের দল।
এদিন সহজ লক্ষ্য তাড়া করয়ে নেমে শুরুতেই হোঁচট খায় কলকাতা। দুই ওপেনার টিম শেইফার্ট ও আজিঙ্কা রাহানে রানের খাতাই খুলতে পারেননি। তিনে নেমে ১৯ বলে ১০ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন আংকৃষ রঘুবংশী। এরপর ম্যাচের হাল ধরার চেষ্টা করেন ক্যামেরন গ্রিন-রবম্যান পাওয়েলরা। তবে কেউই ইনিংস লম্বা করতে পারেননি।
গ্রিন দারুণ শুরু পেয়েও ১৩ বলে ২৭ রান করে বিদায় নেন। এরপর পাওয়েলও ২০ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর রামানদীপ সিংয়ের (১০) বিদায়ে দলীয় ৮৫ রানেই ষষ্ঠ উইকেট হারায় কেকেআর। তাতে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় স্বাগতিকরা।

শতরানের আগেই ৬ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজস্থান। ছবি- বিসিসিআই
এরপর ম্যাচের হাল ধরেন রিংকু সিং ও অনুকুল রয়। তারা দুজন মিলে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন এবং জয়ের স্বপ্ন দেখান। শেষ পর্যন্ত ৩৭ বলে ৭৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলকে কাঙ্ক্ষিত সেই জয় এনে দেন তারা। রিংকু ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে অনুকুল ১৬ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলে অপরাজিত ছিলেন।
রাজস্থানের হয়ে ৩ ওভারে ৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করে রবীন্দ্র জাদেজা। এছাড়া একটি করে উইকেট নেন জোফরা আর্চার, রবি বিশ্নোই, নান্দ্রে বার্গার ও যশ পুঞ্জ।
এর আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। উদ্বোধনী জুটিতে ৫২ বলে ৮১ রান যোগ করেন তারা। তবে উদ্বোধনী জুটি ভাঙার পরেই বিপদে পড়ে দলটি। সূর্যবংশী ২৮ বলে ৪৬ রান করে ফিরে যান। তিনে নেমে ৫ রান করেই বিদায় ধ্রুব জুরেল। এরপর আরেক ওপেনার জয়সওয়ালও বিদায় নেন ২৯ বলে ৩৯ রান করে।

কলকাতার জয়ের পেছনে বল হাতে বড় ভূমিকা রাখেন বরুণ চক্রবর্তী। ছবি- বিসিসিআই
টপ অর্ডারের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান। একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। মিডলে রিয়ান পরাগ (১২) ও শিমরন হেটমায়ার (১৫) ছাড়া কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত টেনেটুনে দেড়শো পেরোয় দলটি।
কলকাতার হয়ে দুর্দান্ত বোলিং করেন বরুণ চক্রবর্তী ও কার্তিক তিয়াগি। বরুণ ৪ ওভারে ১৪ এবং তিয়াগি ২২ রান দিয়ে সমান ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন সুনীল নারিন।
সংক্ষিপ্ত স্কোর :
রাজস্থান রয়্যালস : ১৫৫/৯ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স : ১৬১/৬ (১৯.৪ ওভার)
ফলাফল : কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/বিটি



















