
প্রথম ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। তার জায়গায় সুযোগ পান শরিফুল ইসলাম। পরিকল্পনায় না থাকলেও সুযোগ পেয়ে নিজের কাজটা ভালোভাবেই করেন এই বাঁহাতি পেসার।
প্রথম ম্যাচে শরিফুল ২৭ রান খরচায় ২ উইকেট নেন। শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করে দলকে ভালো অবস্থানে রাখার চেষ্টা করেন তিনি। তবে দল হিসেবে বাংলাদেশ জয় পায়নি, আর সেটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে শরিফুলকে।
দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজের শারীরিক অবস্থার ব্যাপারে জানালেন শরিফুল। তিনি বলেন, মুস্তাফিজ এখন অনেকটাই সুস্থ আছেন। দলের সঙ্গে নিয়মিত আছেন এবং ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন। সবকিছু ঠিক থাকলে পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
শরিফুল বলেন, দলে যারা আছেন, সবাই নিজেদের প্রস্তুত রাখছেন। একাদশে কে খেলবেন, সেটা নির্ধারণ করেন কোচ ও দল পরিচালনা বিভাগ। তাই নিজের কাজ হচ্ছে সুযোগ পেলে ভালো করা। প্রথম ম্যাচে ভালো বোলিং করলেও দল না জেতায় খারাপ লাগছে বলেও জানান তিনি।
ম্যাচ হারের কারণ নিয়ে কথা বলতে গিয়ে শরিফুল বলেন, পিচ বা আবহাওয়া কোনো কিছুই দলের নিয়ন্ত্রণে থাকে না। যেভাবে পরিস্থিতি থাকবে, সেভাবেই মানিয়ে নিতে হয়। সেই মানসিকতা নিয়েই খেলতে নামতে চায় বাংলাদেশ।
প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। তাই দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিততে পারলে সিরিজে সমতা ফেরানো সম্ভব হবে।
আগামীকাল মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। নিজেদের ভুলগুলো ঠিক করে এই ম্যাচে ভালো ফল করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/টিএ




















