
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল সোসিয়েদাদ। প্রথম ১৫ সেকেন্ডেই গোল করে চাপে ফেলে দেয় আতলেতিকো মাদ্রিদকে। তবে পিছিয়ে থেকেও দ্রুত ঘুরে দাঁড়ায় দিয়েগো সিমেওনের দল। নির্ধারিত সময়ের লড়াই শেষে স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়েও কোনো দল জয়ের গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোপা দেল রের শিরোপা ঘরে তোলে রিয়াল সোসিয়েদাদ।
শনিবার রাতে সেভিয়ায় অনুষ্ঠিত এই ফাইনালে শুরু থেকেই ছিল উত্তেজনা। ম্যাচের শুরুতে আন্দের বারেনেক্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। কিছুক্ষণ পরই আদেমোলা লুকমান গোল করে সমতায় ফেরান আতলেতিকোকে।
প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে আবারও দলকে এগিয়ে নেন রিয়াল সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। এরপর দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় আতলেতিকো। অবশেষে ম্যাচের ৮৩তম মিনিটে হুলিয়ান আলভারেস গোল করে স্কোরলাইন ২-২ করেন।
এরপর অতিরিক্ত সময়ে দুই দলই সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আতলেতিকোর প্রথম দুটি শটই ঠেকিয়ে দেন রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। এতে বড় সুবিধা পেয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে পাঁচ মৌসুম পর আবারও কোপা দেল রের শিরোপা জিতল রিয়াল সোসিয়েদাদ। ক্লাবটির ইতিহাসে এটি চতুর্থ শিরোপা। অন্যদিকে ১০ বার এই প্রতিযোগিতা জেতা আতলেতিকো মাদ্রিদকে অপেক্ষা বাড়াতে হলো আরও।
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/টিএ





















