
গত মার্চে মাঠে গড়ানোর কথা ছিল দেশের লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে বোর্ডের সঙ্গে ঢাকার ক্লাবগুলোর দীর্ঘদিনের দ্বন্দ্ব ও অচলাবস্থার কারণে ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ডিপিএল অনিশ্চয়তার মুখে পড়েছিল। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্বে আসার পর আলোর মুখ দেখেছে ঘরোয়া ক্রিকেট।
আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে ডিপিএল। এই টুর্নামেন্ট সামনে রেখে আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী দলবল অনুষ্ঠান। আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম কার্যালয়ে প্রথম দিনের দলবদলে ৭৯ ক্রিকেটার দল পাল্টেছেন।
প্রথম দিন দল গঠনের আনুষ্ঠানিকতা সেরেছে ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এবারও জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ধরে রেখেছে তারা। এছাড়া নতুন করে বেশ কয়েকজন তারকাকে ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
শিরোপা ধরে রাখার মিশনে সৌম্য সরকারকে দলে নিয়েছে আবাহনী। জাতীয় দলের আরও দুই ব্যাটার মুহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলীকেও দলে নিয়েছে তারা। হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান রুম্মানও মাঠ মাতাবেন আকাশী-নীলদের জার্সিতে। এছাড়া জাতীয় দলে পেসার খাকেদ আহমেদ এবং ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা ও বর্ষণের মতো তরুণ পেসারদের দলে নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে শান্তর পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকতও আবাহনী শিবিরেই থাকছেন। এছাড়া জিশান আলম, মেহেরব আহিন, রকিবুল হাসান, মাহফুজুর রাব্বির মতো তরুণ ক্রিকেটাদেরও ধরে রেখেছে ক্লাবটি।
গতবার আবাহনীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। কোচ হিসেবে ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছেন তিনি। সবশেষ বিপিএলেও তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার ডিপিএলে ফের আবাহনীর হয়ে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই দেশি কোচ।
আবাহনী যাদের ধরে রেখেছে : নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জিশান আলম, মেহেরব আহিন, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান ও নাঈমুর নয়ন।
আবাহনী নতুন করে যাদের দলে নিয়েছে : সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান রুম্মান, অনিক সরকার, সাব্বির হোসেন খালেদ আহমেদ, মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন ও বর্ষণ।
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৬/বিটি



















