
দুই ম্যাচ আগেই গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক হতে পারতেন ডেভিড মিলার। জয়ের জন্য ৩ বলে যখন দরকার ছিল ৮ রান, তখন মিলারের ছক্কায় দিল্লির দরকার ছিল ২ বলে ২ রান। তবে পঞ্চম বলে ১ রান নিয়ে ড্র করার সুযোগ থাকলেও রান নেননি মিলার। তারপর শেষ বলেও কোনো রান নিতে না পারায় ১ রানে ম্যাচটি হেরে যায় দিল্লি। তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই মিলারের ব্যাটেই শেষ ওভারে নাটকীয় জয় পেল দিল্লি।
আজ শনিবার (১৮ এপ্রিল) বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে দিল্লি। ঘরের মাঠ চিন্নাস্বামীতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।
শেষ মুহূর্তের নাটকীয় ফিনিশিংয়ে দিল্লির জয়ের নায়ক মিলার। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। তবে রোমারিও শেফার্ডের প্রথম ২ বলে রানের বেশি নিতে পারেনি দিল্লি। তাতে আরও চাপে পড়ে যায় সফরকারী। শেষ ৪ বলে তাদের দরকার ছিল ১৩ রান।
তারপর শেফার্ডের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে বেঙ্গালুরুর দর্শকদের স্তব্ধ করে দেন মিলার। তখনও জয়ের আশা বেঁচে ছিল বেঙ্গালুরুর। তবে পরের বলে ফের ছক্কা হাঁকান মিলার। তাতে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় চিন্নাস্বামী। শেষ ২ বলে দিল্লির দরকার ছিল ১ রান। তবে এবার আর কোনো ভুল করেননি মিলার। চার মেরে দলের জয় নিশ্চিত করেন এই প্রোটিয়া তারকা।
জয়ের নায়ক মিলার ১০ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাট করেন আরেক প্রোটিয়া তারকা ট্রিস্টান স্টাবস। ৪৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। এছাড়া ১৯ বলে ২৬ রান করেন দলটির অধিনায়ক অক্ষর প্যাটেল।
বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন বুভনেশ্বর কুমার। এছাড়া ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন ক্রুনাল পান্ডিয়া।
এর আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন ওপেনার ফিল সল্ট। ৩৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই ইংলিশ তারকা। তবে আরেক ওপেনার বিরাট কোহলি ইনিংস বড় করতে পারেননি। ১৩ বলে ১৯ রান করে ফিরে যান তিনি। তিনে নেমে ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন দেবদূত পাডিক্কাল।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অধিনায়ক রজত পতিদারও। ৪ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। পরবর্তীতে টিম ডেভিডের ১৭ বলে ২৬, জিতেশ শর্মার ২০ বলে ১৪ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য দাড় করায় আরসিবি।
দিল্লির হয়ে ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ টি উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। সমান ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও কুলদীপ যাদব। এছাড়া একটি উইকেটের দেখা পান মুকেশ কুমার।
সংক্ষিপ্ত স্কোর :
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৭৫/৮ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস : ১৭৯/৪ (১৯.৫ ওভার)
ফলাফল : দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৬/বিটি



















