
বোলিং বিভাগে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। গত কয়েক বছরে বোলিং বিভাগে বেশ উন্নতি করেছে টাইগাররা। বিশেষ করে পেস বিভাগ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। এক্সপ্রেস পেসার নাহিদ রানা, লেগস্পিনার রিশাদ হোসেনসহ আরও অনেকেই বোলিং বিভাগে নতুন শক্তি যোগ করেছেন।
আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুরের উইকেটে বাংলাদেশের শক্তিশালী বোলিং বিভাগের বিপক্ষে বড় চ্যালেঞ্জ দেখছেন কিউই অধিনায়ক টম লাথাম। তবে মিরপুরে একটি স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ম্যাচের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন লাথাম। এ সময় মিরপুরের উইকেট নিয়ে লাথাম বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। সবশেষ পাকিস্তান সিরিজ থেকে কিছু তথ্য নিয়েছি আমরা। এখানে মানিয়ে নিতে পারাটাই আসল বিষয়। বেশিদিন হয়নি আমরা ঢাকায় এসেছি। দলের সবাই মাঠে নামতে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে মুখিয়ে আছে।’
বাংলাদেশের বোলিং বিভাগকে শক্তিশালী বলেছেন লাথাম। তবে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেগে চায় সফরকারীরা।
লাথাম বলেন, ‘আমাদের সবাইকে এই উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। খেলায় ব্যালান্স রাখতে হবে। বাংলাদেশের স্পিন এবং পেস দুই বিভাগই বেশ শক্তিশালী। এখানে আগেও দিনের খেলা অনেক হয়েছে। আমরা আগে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চাই। এরপর দেখা যাক সামনে কী আসে।’
আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় দলের একাধিক তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। তবে এই সিরিজে তরুণদের ওপরই আস্থা রাখছেন সফরকারী অধিনায়ক।
লাথাম বলেন, ‘আমরা চাই তারা যেন তাদের দক্ষতাটা এখানে কাজে লাগায়। তারা ঘরোয়া ক্রিকেটে নিজ নিজ দলের হয়ে যেভাবে খেলেছে, এখানেও যেন সেভাবেই খেলে। যদি তারা তা করতে পারে, তাহলে নিজেদের সুযোগটা কাজে লাগাতে পারবে।’
আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৬/বিটি



















