
প্রথমবারের মতো ৮ দল নিয়ে মাঠে গড়িয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। হায়দারাবাদ কিংসম্যান ও রাওয়ালপিন্ডিজ নামে দুটি ফ্রাঞ্চাইজি নতুন করে যুক্ত হয়েছে। রাওয়ালপিন্ডিজের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তবে চলতি পিএসএল থেকে সবার আগে বিদায় নিয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন এই দলটি।
পিএসএলের শুরু থেকেই একের পর এক হারে ছিটকে পড়ার শঙ্কায় ছিল নবাগত দুই ফ্রাঞ্চাইজি হায়দরাবাদ ও রাওয়ালপিন্ডিজ। তবে চার হারের পর টানা তিন জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছে হায়দরাবাদ। তবে হায়দরাবাদের মতো প্রত্যাবর্তন করতে পারেনি রাওয়ালপিন্ডিজ। টানা ৬ হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন রিজওয়ানরা।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হায়দরাবাদ কিংসম্যানের কাছে হেরেই বিদায় নিশ্চিত হয়েছে রাওয়ালপিন্ডিজের। নিজেদের ষষ্ঠ ম্যাচে ৫ উইকেটে হেরে বিদায় ঘন্টা বেজেছে ফ্রাঞ্চাইজিটির।
করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি রাওয়ালপিন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটে ১২১ রান রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মারনাস লাবুশেনের হায়দরাবাদ।
অবশ্য এই ম্যাচে রাওয়ালপিন্ডিজের একাদশে ছিলেন না রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরে এসেছেন এই টাইগার লেগি।
৬ ম্যাচে কোনো জয় না পাওয়া রাওয়ালপিন্ডিজ পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে। চলতি আসরে আর চারটি ম্যাচ বাকি আছে তাদের। তবে এই চার ম্যাচে জয় পেলেও শেষ চারের টিকিট পাবে না দলটি। অন্যদিকে টানা তিন জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হায়দরাবাদ। ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে দলটি। শেষ চারের দৌড়েও ভালোভাবেই টিকে আছে ফ্রাঞ্চাইজিটি।
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৬/বিটি



















