
বাংলাদেশ ক্রিকেট দলের দুই অন্যতম সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে রাজনৈতিক ইস্যুতে দলে সুযোগ মিলছে না তার। অন্যদিকে মুশফিক ওয়ানডে দলের বাইরে থাকলেও নিউজিল্যান্ড সিরিজের আগে ফের তার ফেরা নিয়ে আলোচনা উঠেছিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামার আগে আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এ সময় সাকিব ও মুশফিকের বিষয়ে কথা বলেন টাইগার অধিনায়ক।
সাকিব ইস্যুতে মিরাজ বলেন, ‘সাকিব ভাইয়ের না থাকাটা আসলে পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের ড্রেসিংরুমে ঐরকম প্রভাব ফেলে না। এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, এর আগেও আমি বলেছি। যেহেতু তিনি খেলছেন, তার ইস্যুটা নিয়ে আমরা সবাই জানি।’
মুশফিক ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বাইরে থাকলেও জাতীয় দলের হয়ে টেস্টে খেলে যাচ্ছেন। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও খেলছেন নিয়মিত। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে মুশফিককে ফের ওয়ানডে দলে চান মিরাজ। এ প্রসঙ্গে টাইগার ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা, অবশ্যই তার মতো একজন খেলোয়াড় দলে থাকলে ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়ে যায়।’
তবে মুশফিক ইতোমধ্যেই অবসরে গেছেন। তবে তিনি আরও কিছুদিন খেলতে পারতেন বলে মনে করেন মিরাজ, ‘মুশফিক ভাই অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয় ফিটনেস অনুযায়ী যদি দেখেন তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি অবসরে গিয়েছেন, আমি অবশ্যই তার এই সিদ্ধান্তকে সম্মান করি।’
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ওয়ানডে জার্সিতে খেলেছিলেন মুশফিক। অন্যদিকে সাকিব ২০২৩ বিশ্বকাপের পর আর ওয়ানডে দলের হয়ে খেলেননি।
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৬/বিটি



















