Connect with us
ক্রিকেট

লখনৌকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করল বেঙ্গালুরু

Bengaluru go top of the table by defeating Lucknow.
লখনৌকে ৫ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। ছবি- বিসিসিআই

চলতি আইপিএলে দাপট চলছেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এখন পর্যন্ত এক হারের বিপরীতে বাকি সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছে রজত পতিদরের দল। তাতে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালসকে টপকে টেবিলের শীর্ষস্থান দখল করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

বুধবার (১৫ এপ্রিল) নিজেদের পঞ্চম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে লখনৌ। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ১৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই বিদায় নেন ফিল সল্ট (৭)। এরপর দেবদূত পাডিক্কালকে নিয়ে ৩৪ বলে ৫৭ রান যোগ করেন বিরাট কোহলি। ৬৬ রানের মাথায় বিদায় নেন পাডিক্কাল (১০)। এরপর কোহলিও আর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। ১ রানের জন্য ফিফটি মিস করেন তিনি৷ ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে বিদায় নেন এই তারকা।



এরপর মিডলে রজত পতিদর ১৩ বলে ২৭ এবং জিতেশ শর্মা ৯ বলে ২৩ রানের দ্রুতগতির ক্যামিও খেলে বিদায় নেন। শেষদিকে টিম ডেভিড ও রোমারিও শেফার্ড ৮ বলে সমান ১৪ রানের ক্যামিও খেলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। লখনৌর হয়ে ৩ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন প্রিন্স যাদব। এছাড়া ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন আভেশ খান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ১২ রানেই বিদায় নেন ওপেনার এইডেন মার্করাম। আরেক ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪০ রান। আজও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ঋষভ পন্ত ও নিকোলাস পুরান। দুজনেই বিদায় নেন সমান এক রান করে। পাঁচে নেমে ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন আয়ুশ বাদোনি। তবে আব্দুল সামাদ ডাক মেরে বিদায় নেন। শেষদিকে মুকুল চৌধুরীর ২৮ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে দেড়শোর কাছাকাছি পুঁজি পায় লখনৌ।

বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন রাশিখ সালাম। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন বুভনেশ্বর কুমার। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ২টি এবং জশ হ্যাজেলউড একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :

লখনৌ সুপার জায়ান্টস : ১৪৬/১০ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৪৯/৫ (১৫.১ ওভার)

ফলাফল : বেঙ্গালুরু ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট