
বাংলাদেশ জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ রুবেল হোসেন। দীর্ঘ এক দশকের বেশি সময় লাল-সবুজের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন তিনি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন এই পেসার।
আজ বুধবার (১৫ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। লাল-সবুজের জার্সিতে বিদায় জানিয়ে দিলেও ঘরোয়া ক্রিকেটে দেখা যেতে পারে ৩৬ বছর বয়সি এই পেসারকে।
রুবেলের এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি আইকনিক মুহূর্ত হিসেবে ধরা হয় ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্সকে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল টাইগাররা। সেই ঐতিহাসিক ইংলিশ বধের অন্যতম নায়ক ছিলেন রুবেল।
অ্যাডিলেড ওভালে শেষ দুই ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। ৪৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ও তৃতীয় বলে দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি। সবমিলিয়ে ৪ উইকেট নিয়ে সেই ম্যাচে জয়ের অন্যতম নায়ক বনে যান এই পেসার।
রুবেলের সেই আইকনিক স্মৃতি স্মরণ করে তাকে নিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক বিজয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয় লিখেছেন, ‘আপনার আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ জয়ী বোলিংটা হয়ত সবাই মনে রাখবে। কিন্তু আমার কাছে রুবেল হোসেন মানেই অসাধারণ কিছু মুহূর্ত, দারুণ সব স্পেল, আর দেশের জন্য জেতানো অনেকগুলো স্মরণীয় ম্যাচ।’
তিনি আরও লিখেছেন, ‘আপনার সেই হাত তুলে দৌড়- এটা শুধু একটা উদযাপন না, এটা ছিল অনুভূতি, একটা গর্ব… যা আমি সবসময় মিস করব। আপনার জীবনের পরবর্তী অধ্যায় আরও সুন্দর, শান্তিময় আর সফল হোক- এই দোয়া রইল।’
বাংলাদেশের হয়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট শিকার করেছেন রুবেল। ওয়ানডেতে ১০৪ ম্যাচে ১২৯টি উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি হ্যাটট্রিকও রয়েছে তার। এছাড়া টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে ২৮টি উইকেট শিকার করেন এই পেসার।
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৬/বিটি



















