
বাংলাদেশ জাতীয় দলের একসময়ের নিয়মিত পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সি এই পেসার।
অবসরের ঘোষণায় রুবেল লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনই বাইশ গজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না রুবেল। সামনে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এই পেসারের।
রুবেল আরও বলেন, ‘ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।’
একসময় বাংলাদেশ দলের নিয়মিত মুখ ছিলেন রুবেল। তার গতিময় বোলিংয়ের জন্যও বেশ পরিচিত ছিলেন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে রুবেলের। একই বছরের জুনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক ঘটে তার। এরপর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাদা পোশাকে অভিষেক ঘটে এই পেসারের।
এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সিতে নিয়মিত মাঠ মাতিয়েছেন রুবেল। তবে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন তিনি। সবশেষ ২০২১ সালের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের জার্সি গায়ে চড়ান রুবেল। নিউজিল্যান্ডের মাটিতে সেই সিরিজে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। তবে পারফরম্যান্স বিবেচনায় পরবর্তীতে আর জাতীয় দলে ডাকা হয়নি তাকে। এছাড়া ২০২০ সালে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন এই পেসার।
বাংলাদেশের হয়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট শিকার করেছেন রুবেল। ওয়ানডেতে ১০৪ ম্যাচে ১২৯টি উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি হ্যাটট্রিকও রয়েছে তার। এছাড়া টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে ২৮টি উইকেট শিকার করেন এই পেসার।
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৬/বিটি



















