
ডট বলে ২০২৬ পিএসএল কাঁপাচ্ছেন বাংলাদেশি পেসাররা। চলমান এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি (শতাংশ) ডট বল করা চার ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। দুজনে একই ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাচ্ছেন।
চলমান পিএসএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডট বলের মালিক বাংলাদেশের পেসার রানা। পেশোয়ারের হয়ে চার ম্যাচে ১৪ ওভার বল করেছেন তিনি। সব মিলিয়ে ৮৪ বলের মধ্যে ৪৮টি ডট বল করেছেন এই স্পিডস্টার। অর্থাৎ ৫৭.১৪ শতাংশ বল ডট করেছেন তিনি, যা চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। তার মধ্যে এক ম্যাচে চার ওভারের মধ্যে ২০টি ডট করেছিলেন রানা, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ।
এই তালিকায় বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলাম আছেন চার নম্বরে। পেশোয়ারের হয়ে ৫ ম্যাচে মোট ১৫ ওভার বল করেছেন তিনি। সবমিলিয়ে ৯০ বলে মোট ৩৯টি ডট বল করেছেন শরিফুল। অর্থাৎ ৪৩.৩৩ শতাংশ ডট বল করেছেন এই টাইগার পেসার।
এছাড়া তালিকার দুই ও তিনে যথাক্রমে আছেন লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদি ও করাচি কিংসের হাসান আলী। শাহিন এখন পর্যন্ত ৫২.৭৮ শতাংশ বল ডট করেছেন এবং হাসান ৪৭.৯২ শতাংশ বল ডট করেছেন।
এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে পিএসএলের মাঝপথেই দেশে ফিরেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। দুদিন আগেই দেশে ফেরেন মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তবে রানা ও শরিফুলের জন্য ফ্রাঞ্চাইজির অনুরোধে এনওসির মেয়াদ বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ খেলে আজ দেশে ফিরেছেন রানা ও শরিফুল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ফের পিএসএলে যোগ দিতে পারেন বাংলাদেশি ক্রিকেটাররা। তবে কারা পাবেন সেটা এখনো নিশ্চিত নয়।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/বিটি






















