Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের জায়গায় কলকাতায় গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি

Muzarabani, banned from the PSL, joined Kolkata in place of Mustafiz.
আইপিএলে যোগ দিয়ে পিএসএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হলেন মুজারাবানি। ছবি- সংগৃহীত

২০২৬ আইপিএলের নিলামে রেকর্ডমূল্যে দল পেয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে বাদ দেয় কেকেআর। পরবর্তীতে কাটার মাস্টারের বদলি হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিটি।

আইপিএলে যোগ দেওয়ার আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরে চুক্তিবদ্ধ হয়েছিলেন মুজারাবানি। চলমান এই টুর্নামেন্টে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল তার। তবে পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পরও শেষ পর্যন্ত চুক্তি ভঙ্গ করেন তিনি। পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে যোগ দেন আইপিএলে।

মুজারাবানির এমন অপেশাদার আচরণে চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। চুক্তির শর্ত ভঙ্গ করায় পিএসএলের পরবর্তী দুই আসরের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।



এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পারস্পরিক বিশ্বাস এবং চুক্তির ওপর ভিত্তি করে চলে পেশাদার ক্রিকেট। মুজারাবানি সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত স্বার্থে তা ভঙ্গ করেছে। টুর্নামেন্টের কাঠামোর ওপর এটা নেতিবাচক প্রভাব ফেলে। কোনো খেলোয়াড়ের এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেকহোল্ডারদের আস্থার পরিপন্থি।

আইপিএলে যোগ দিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মুরাজাবানি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ উইকেট শিকার করেন এই পেসার। তবে তার ইকোনমি দশের উপরে।

এদিকে মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার পর পিএসএল নিলামের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফেরার আগে লাহোরের হয়ে ৫ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।

প্রসঙ্গত, মুজারাবানি ছাড়াও চলতি মৌসুমে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসন।

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট