
ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক গ্রন্থ উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৬৩তম সংস্করণ প্রকাশের আগেই ঘোষণা করা হয়েছে বর্ষসেরা খেলোয়াড়দের নাম। ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে পুরুষদের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক, আর নারীদের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।
গত বছরে দুর্দান্ত ছন্দে ছিলেন স্টার্ক। ১১টি টেস্টে ১৭ দশমিক ৩২ গড়ে তিনি নেন ৫৫টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে ৯ রানে ৬ উইকেট নিয়ে গড়েন ক্যারিয়ারের সেরা বোলিং। এরপর অ্যাশেজ সিরিজেও ছিলেন ধারাবাহিক। প্রথম দুই টেস্টেই নেন ১৭ উইকেট। পুরো সিরিজে ৩১ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে, ভারতের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন দীপ্তি শর্মা। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই আসরে তিনি ছিলেন সেরা খেলোয়াড়। পুরো প্রতিযোগিতায় ২১৫ রান করার পাশাপাশি নিয়েছেন ২২টি উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রান করার পর বল হাতে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে দলকে জিততে সহায়তা করেন।
এবারের তালিকায় ভারতের ক্রিকেটারদের উপস্থিতি বেশি। বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে আছেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ ও হাসিব হামিদ। ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া টেস্ট সিরিজে ভালো খেলার স্বীকৃতি পেয়েছেন তারা।
এছাড়া, গিল পেয়েছেন বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি। এজবাস্টনে এক ম্যাচে ৪৩০ রান করে দলকে জেতান তিনি। সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক শর্মা হয়েছেন সেরা খেলোয়াড়। এক বছরে এক হাজারের বেশি রান করেন তিনি দ্রুতগতিতে।
সব মিলিয়ে এবারের উইজডেনে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেই আলোচনায় ছিলেন স্টার্ক ও দীপ্তি। তাদের ধারাবাহিক সাফল্যই এনে দিয়েছে এই স্বীকৃতি।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/টিএ




















