Connect with us
ক্রিকেট

নাহিদ-সুফিয়ানদের দুর্দান্ত বোলিংয়ে মুলতানকে হারাল পেশোয়ার

Peshawar defeated Multan thanks to the brilliant bowling of Nahid and Sufiyan.
মুলতান সুলতানসকে ২৪ রানে হারিয়েছে পেশোয়ার জালমি। ছবি- পিসিবি

চলমান পিএসএলে পেশোয়ার জালমির জয়রথ চলছেই। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে মাঠে গড়ানো সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। সোমবার (১৩ এপ্রিল) মুলতান সুলতানসকে ২৪ রানে হারিয়ে আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার জালমি।

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে পেশোয়ার। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানের বেশি তুলতে পারেনি মুলতান।

এদিন রানতাড়ায় নেমে পাওয়ারপ্লেতেই ওপেনার শাহিবজাদা ফারহানকে হারায় মুলতান। ১০ বলে ১৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর স্টিভ স্মিথ ও জশ ফিলিপের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুলতান। দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই করছিলেন তারা। তবে দশম ওভারে দলীয় ৮৫ রানের মাথায় এই জুটি ভেঙে দেন সুফিয়ান মুকিম। ২৯ বলে ৩১ রান করে বিদায় নেন স্মিথ।



একই ওভারে বিদায় নেন আরেক সেট ব্যাটার ফিলিপও। ১৭ বলে ৩২ রান করেন তিনি। মিডলে শান মাসুন ও অ্যাসটন টার্নার ঝোড়ো ক্যামিও খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তবে মাসুদ ১৯ বলে ৩৫ রান করে ইফতিখারের বলে এবং টার্নার ১৩ বলে ২০ রান করে সুফিয়ানের বলে আউট হয়ে ফেরেন।

এই দুই ব্যাটারকে হারিয়েও ম্যাচে ছিল মুলতান। তবে শেষদিকে শরিফুল-রানাদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পেশোয়ার। নিজের শেষ দুই ওভারে আরাফাত মিনহাস ও ওয়াসিম জুনিয়রের উইকেট তুলে নেন রানা। শেষ পর্যন্ত ২৪ রানে জয় নিশ্চিত হয় পেশোয়ারের।

brilliant bowling from Shoriful Islam

১৮তম ওভার মাত্র ৫ রান দিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নিতে সাহায্য করেন শরিফুল। ছবি- পেশোয়ার জালমি

পেশোয়ারের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন নাহিদ রানা। এছাড়া ইফতিখার ২টি এবং আমির জামাল একটি উইকেটের দেখা পান। তবে শরিফুল ৪ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

এর আগে ব্যাট করতে আজও পেশোয়ারের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন কুশল মেন্ডিস। আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি হাঁকানো এই লঙ্কান তারকা ফের ফিফটির দেখা পান। ৪০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হ্যারিস। ১৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া ফারহান ইউসুফ ২২ বলে ৩০, বাবর আজম ২০ বলে ১৮ এবং মাইকেল ব্রেসওয়েল ৮ বলে ১৪ রান করেন।

মুলতানের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ইসমাইল ও পিটার সিডল। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সংক্ষিপ্ত স্কোর :

পেশোয়ার জালমি : ১৯৬ /৬ (২০ ওভার)
মুলতান সুলতানস : ১৭২/৮ (২০ ওভার)
ফলাফল : পেশোয়ার জালমি ২৪ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট