Connect with us
ক্রিকেট

আইপিএল রেখে বাংলাদেশ সিরিজে দায়িত্ব সামলাবেন ভারতীয় আম্পায়ার

Indian umpire to officiate in Bangladesh series, skipping the IPL.
ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। ছবি- সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছেন ভারতের অভিজ্ঞ আম্পায়ার নিতিন মেনন। তবে আইপিএলের ব্যস্ততার মাঝেই বাংলাদেশে এসে দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। 

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দুজন বিদেশি আম্পায়ারের তালিকায় আছেন ভারতের নিতিন মেনন। আরেকজন বিদেশি আম্পায়ার হলেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।

এই সিরিজে চার বাংলাদেশি আম্পায়ার দায়িত্ব পালন করবেন। এই তালিকায় আছেন তানভীর আহমেদ, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান। তবে বাংলাদেশের একমাত্র আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এই সিরিজে থাকছেন না। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। এছাড়া পুরো সিরিজে ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন অ্যান্ডি পাইক্রফট।



বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন গাজী সোহেল।

২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও রিচার্ড ইলিংওর্থ। এই ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিতিন মেনন। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।

২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডেতে মাসুদুর রহমান মুকুলের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে দেখা যাবে নিতিন মেননকে। তৃতীয় হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান। তবে ওয়ানডে সিরিজ দিয়েই দায়িত্ব শেষ হবে নিতিন মেননের।

২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। আর তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে যথাক্রমে দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ এবং মাসুদুর রহমান মুকুল। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড সামলাবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। আর তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় যথাক্রমে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান।

সবশেষ ২ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে গাজী সোহেলের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন মোর্শেদ আলী খান এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট