
নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছে বাংলাদেশ দল। গত দুই সপ্তাহ ধরে ফিটনেস এবং স্কিল ক্যাম্প চালিয়ে আসছে টাইগাররা। এবার ব্যাট-বলের প্রস্তুতিতে নেমে আলো ছড়ালেন সাইফ হাসান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদরা।
আজ (সোমবার) মিরপুরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুটি দল ভাগ হয়ে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে সৌম্য-সোহানদের ‘বি’ টিমকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে শান্ত-সাইফদের ‘এ’ টিম।
প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে ‘এ’ টিম। দলের হয়ে সেঞ্চুরি তুলে নেন সাইফ। ১৩৩ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে। এছাড়া তানজিম হাসান সাকিব ২৭, তাওহীদ হৃদয় ২৫, মেহেদী হাসান মিরাজ ২০ এবং নাজমুল হোসেন শান্ত ১২ রানের ইনিংস খেলেন।
টিম ‘বি’র পক্ষে বল হাতে ৮ ওভারে ৫৫ রান দিয়ে ২টি উইকেট নেন শেখ মেহেদি হাসান। সমান ২টি উইকেট নেন এবাদত হোসেন। এছাড়া সৌম্য সরকার, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে তাসকিন-মিরাজদের বোলিং তোপে ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ‘বি’ টিম। দলের পক্ষে সৌম্য বাদে কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৮৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন সৌম্য। এ ছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম অঙ্কন ২৯, নাসুম ১৬ এবং সোহান ১৫ রান করেন।
‘এ’ টিমের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাসকিন। ৬ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট শিকার করেন এই পেসার। সমান ২টি করে উইকেট নেন মিরাজ ও তানজিম। এছাড়া একটি করে উইকেট শিকার করেন সাইফ ও তানভীর ইসলাম।
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/বিটি




















