
বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এই সময়েই আর্জেন্টিনা জাতীয় দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট দলে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তায় আছেন কোচ লিওনেল স্কালোনি ও তার টিম।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর চোটে। ক্লাব ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার এক মুহূর্তে হাঁটুতে আঘাত পান তিনি। এরপর ব্যথায় কাতর অবস্থায় তাকে মাঠ ছাড়তে হয় এবং সতীর্থদের সাহায্যে বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গুরুতর কিছু হতে পারে। হাঁটুর ভেতরের অবস্থা জানতে তাকে বিস্তারিত পরীক্ষা করাতে হবে। এর আগেও মৌসুমের শুরুতে তিনি চোটে ভুগেছিলেন, তাই এবার পরিস্থিতি নিয়ে আরও বেশি সতর্ক চিকিৎসকরা।
অন্যদিকে, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও চোটের কারণে সাম্প্রতিক ম্যাচে খেলতে পারেননি। অনুশীলনের সময় তিনি পায়ের পেশিতে টান অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন। এরপর তাকে ম্যাচে আর দেখা যায়নি। ক্লাবের চিকিৎসকরা জানিয়েছেন, এটি কাফ মাসলের সমস্যা হতে পারে। চোটের প্রকৃত অবস্থা বোঝার জন্য পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় ধরনের সমস্যা না হলে খুব বেশি সময় লাগার কথা নয়, তবে নিশ্চিত কিছু এখনো বলা যাচ্ছে না।
মার্তিনেস এর আগেও একই ধরনের পেশির সমস্যায় পড়েছিলেন। ফলে তাকে নিয়ে আগে থেকেই সতর্ক ছিল ক্লাব ও জাতীয় দলের মেডিকেল স্টাফ। বিশ্বকাপ সামনে থাকায় তার ওপর অতিরিক্ত চাপ এড়ানোর চেষ্টা করা হচ্ছিল।
এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য লাউতারো মার্তিনেসও নতুন করে পেশির চোটে পড়েছেন। তার বাঁ পায়ের পেশিতে টান ধরা পড়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বারবার একই ধরনের চোটে পড়ায় তিনি নিজেও হতাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, আবারও চোটে পড়েছেন এবং দ্রুত মাঠে ফেরার চেষ্টা করবেন।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে চোটের এই পরিস্থিতি চিন্তা বাড়িয়ে দিয়েছে। দলের মূল খেলোয়াড়রা যদি সময়মতো পুরোপুরি ফিট না হতে পারেন, তাহলে কোচিং স্টাফদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হতে পারে। এখন সবার নজর চিকিৎসা রিপোর্ট এবং তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই।
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/টিএ






















