Connect with us
ক্রিকেট

প্রভাবশালী দুই দেশের ভেটোতে এসিসিতে চাকরি হচ্ছে না বুলবুলের

aminul islam bulbul
এসিসিতে চাকরি হচ্ছে না বুলবুলের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়ার পর আমিনুল ইসলাম বুলবুলের ভবিষ্যৎ নিয়ে অনেকের আগ্রহ ছিল। এবার নিজেই জানিয়েছেন সামনে কী করতে চান এবং কেন একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছে।

এক সাক্ষাৎকারে বুলবুল বলেন, এশিয়ার ক্রিকেট সংস্থায় একটি গুরুত্বপূর্ণ পদে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। সবকিছু এগোলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তার দাবি, দুইটি প্রভাবশালী দেশের আপত্তির কারণেই বিষয়টি থেমে যায়। ফলে আপাতত ওই পথে এগোনো সম্ভব হচ্ছে না।

বিসিবির দায়িত্ব নেওয়ার আগে বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার উন্নয়ন বিভাগে কাজ করতেন। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে বোর্ড ভেঙে দেওয়ার পর এখন তিনি নতুন করে নিজের পথ ঠিক করার চেষ্টা করছেন।



বুলবুল জানান, এখন তিনি কিছুটা ভিন্নধর্মী কাজে যুক্ত হতে চান। খেলাধুলায় মানসিক প্রস্তুতি, মনোযোগ এবং আত্মনিয়ন্ত্রণ এসব বিষয় নিয়ে গবেষণার পরিকল্পনা করছেন। এ ধরনের কাজের মাধ্যমে ক্রিকেটের ভেতরের দিকগুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বলে জানান তিনি।

এর পাশাপাশি বই লেখারও ইচ্ছা আছে তার। নিজের অভিজ্ঞতা, বিশেষ করে ক্রিকেট প্রশাসনে কাজ করার সময়কার বিভিন্ন দিক সেখানে তুলে ধরতে চান। তিনি মনে করেন, এসব অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যদের জন্যও কাজে আসতে পারে।

দীর্ঘদিন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় পরিবারকে খুব বেশি সময় দিতে পারেননি বলেও উল্লেখ করেন বুলবুল। তাই এখন কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোর দিকেও গুরুত্ব দিতে চান তিনি।

বুলবুলের পরিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করে। সবকিছু গুছিয়ে শিগগিরই সেখানে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। নতুনভাবে কাজ শুরু করার আগে কিছুটা সময় নিয়ে নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করতে চান সাবেক এই অধিনায়ক।

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট