
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামীকাল (সোমবার) বাংলাদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে কিউইদের। এরপর ১৭ তারিখ থেকে মিরপুরে ওয়ানডে দিয়ে গড়াবে এই সিরিজ।
নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রথম দুটি ওয়ানডের জন্য গতকাল (১১ এপ্রিল) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সিরিজের ওয়ানডে দল থেকে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। অপরিবর্তিত দল নিয়েই প্রথম দুটি ওয়ানডেতে কিউইদের মোকাবিলা করবে টাইগাররা।
অন্যদিকে নিউজিল্যান্ড গত মাসের শেষের দিকে এই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। যেখানে জায়গা হয়নি একাধিক তারকা ক্রিকেটার। মূলত দলের একাধিক তারকা ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় তাদেরকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে কিউইরা। এমনকি দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারও খেলবেন না এই সিরিজে। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম।
নিউজিল্যান্ডে দলে একাধিক তারকা ক্রিকেটার অনুপস্থিত থাকা সত্ত্বেও তাদেরকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান বোর্ডের এডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। এই সিরিজে টাইগারদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই প্রত্যাশা করছেন সাবেক এই ক্রিকেটার।
আজ রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘আমার মনে হয় ওদেরকে হালকাভাবে নিলে আমরা বিপদে পড়তে পারি। এই সিরিজে আমাদের সেরাটা দিতে হবে। অবশ্যই আমরা এই সিরিজটা থেকে কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যেটা পরবর্তী সিরিজে কাজে লাগবে।’
তিনি বলেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফরম্যাটেই তারা যে কোনো দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজটা আমাদের হালকাভাবে নেওয়া যাবে না। যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা আমাদের পয়েন্টগুলো খুব দরকার আছে।’
আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। ২৩ এপ্রিল সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। এরপর ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
চলমান জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয় করতে এই সিরিজের ম্যাচগুলো দিনের আলোতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যে কারণে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৬/বিটি



















