Connect with us
ক্রিকেট

লখনৌকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট

Gujarat secure their second straight win by defeating Lucknow.
লখনৌকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ছবি- বিসিসিআই

চলতি আইপিএলের শুরুটা ভালো হয়নি গুজরাট টাইটান্সের। প্রথম দুই ম্যাচেই হেরে যায় তারা। তবে পরের দুই ম্যাচে টানা জয় নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন দলটি। 

আজ রোববার (১২ এপ্রিল) আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স।

লখনৌয়ে ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় লখনৌ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে ঋষভ পন্তের দল। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শুবমানরা।



রানতাড়ায় নেমে ১৪ বলে ১৫ রান করেই বিদায় নেন সাই সুদর্শন। এরপর শুবমান গিল ও জস বাটলার মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৪ রান যোগ করেন। দুজনেই পান ফিফটির দেখা৷ দলের জয়ের পথ সহজ করে বিদায় নেন দুজনেই। শুবমান ৪০ বলে ৫৬ এবং বাটলার ৪০ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন।

তবে তাদের বিদায় গুজরাটের ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেনি। পরবর্তীতে ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওয়াতিয়া মিলে ৩০ রানের অপরাজিত জুটি গড়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সুন্দর ২১ এবং তেওয়াতিয়া ১০ রান করে অপরাজিত ছিলেন। লখনৌয়ের হয়ে একটি করে উইকেট নেনে মোহাম্মদ শামি, প্রিন্স যাদব ও দিগবেশ সিং রাঠি।

এর আগে ব্যাটিংয়ে নেমে লখনৌয়ের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন এইডেন মার্করাম। বাকিরা কেউই বিশের ঘর ছুঁতে পারেননি। নিকোলাস পুরান ১৯, আব্দুল সামাদ ১৮, মুকুল চৌধুরী ১৮ এবং পন্তও ১৮ রানের বেশি করতে পারেননি।

গুজরাটের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া অশোক শর্মা ২টি এবং মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদা একটি করে উইকেট নেন।

ফলাফল :

লখনৌ সুপার জায়ান্টস : ১৬৪/৮ (২০ ওভার)

গুজরাট টাইটান্স : ১৬৫/৩ (১৮.৪ ওভার)

ফলাফল : গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট