Connect with us
ক্রিকেট

ধুঁকতে থাকা কলকাতাকে স্বস্তির খবর দিলেন পাথিরানা

Pathirana brings relief to struggling Kolkata.
মাতিশা পাথিরানা। ছবি- সংগৃহীত

আইপিএলের চলতি আসরে কলকাতার শুরুটা মোটেও সুখকর হয়নি। প্রথম চার ম্যাচ শেষে এখনো জয়শূন্য আজিঙ্কা রাহানের দল। মুস্তাফিজুর রহমানকে কিনেও শেষ পর্যন্ত বাদ দিয়ে দেয় তারা। তাছাড়া ইনজুরির কারণে লঙ্কান পেসার মাথিশা পাথিরানাও না থাকায় বোলিং বিভাগে বেশ ভুগছে দলটি। অবশেষে পাথিরানাকে ঘিরে স্বস্তির খবর পেল কলকাতা। 

ইনজুরি কাটিয়ে অবশেষে কলকাতা শিবিরে যোগ দিতে যাচ্ছেন ১৮ কোটি রুপির এই পেসার। তাকে আইপিএলে খেলার অনুমতি (অনাপত্তিপত্র) দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে ইনজুরি থেকে মুক্ত এবং ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন পাথিরানা। আগামী ১৭ এপ্রিল ভারতে পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর কলকাতা নাইট রাইডার্সের মেডিকেল টিমের ছাড়পত্র পেলে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু হতে পারে এই লঙ্কান তারকার।



আগামী ১৯ এপ্রিল ঘরের মাঠ ইডেন গার্ডেনসে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কলকাতার জার্সিতে অভিষেক হতে পারে পাথিরানার। আইপিএলে এখন পর্যন্ত চারটি মৌসুমে খেলেছেন তিনি। সবগুলো আসরেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই পেসার।

তবে চলতি আসরের আগে চেন্নাই তাকে ছেড়ে দিলে আইপিএল নিলাম থেকে তাকে ১৮ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়ায় টুর্নামেন্টের শুরু থেকে তাকে পায়নি ফ্রাঞ্চাইজিটি।

কলকাতার প্রথম চার ম্যাচের মধ্যে একটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাকি তিনটি ম্যাচেই হেরেছে তারা। এর ফলে চার ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে তিন আসরের চ্যাম্পিরা।

ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট