
চলতি পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিদিন এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছিলেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে সবার আগেই পিএসএল থেকে বিদায় নিলেন তিনি৷ চোটের কারণে তিন ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই টাইগার ব্যাটার।
লাহোরের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ইমন। এরপরেই তার চোটের বিষয়টি সামনে আসে। চোট পাওয়ার ২/৩ দিন পর কাঁধের এমআরআই স্ক্যান করানো হয়েছিল। এরপর রিপোর্টে দেখা যায় তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। যার ফলে আগামী কয়েক সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন বলে জানা গিয়েছিল।
আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজের ওয়ানডে দলে নেই ইমন। তবে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিনি। চলতি মাসের শেষের দিকেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ৷ তাই চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। তবে এই অনেকটা দূর করে দিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। ইমনের চোট খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।
পিএসএল শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন ইমন। এরপর তাকে পর্যবেক্ষণ করেছেন দেবাশীষ। এ নিয়ে তিনি গণমাধ্যমকে জানান, ‘পাকিস্তানে ওরা ইমনের আঘাত পাওয়ার ৩-৪ দিন পর স্ক্যান করেছিল। আর আমরা আজকে তাকে দেখেছি। তার গুরুতর কোনো সমস্যা নেই।’
এদিকে ইমনের পাশাপাশি পিএসএল থেকে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাননিদ তামিম। তবে নাহিদ রানা ও শরিফুল ইসলামের এনওসি এক ম্যাচের জন্য বাড়ানো হয়েছে। আগামীকাল একটি ম্যাচ খেলেই দেশে ফিরবেন এই দুই পেসার।
আগামী ১৭ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর ঢাকায় পাড়ি জমাবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৬/বিটি



















