
আগামী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিযোগিতা শুরু হতে বেশি সময় না থাকায় আগেভাগেই বড় একটি প্রাথমিক দল ঠিক করেছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। এই তালিকা থেকে পরে চূড়ান্ত দলে জায়গা পাবেন ২৬ জন খেলোয়াড়।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, তিনি একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন দেশের ফুটবল সংস্থার কাছে। এই তালিকায় অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় কয়েকজনকেও রাখা হয়েছে, যাতে ভবিষ্যতের জন্যও দল গঠন করা যায়।
গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলির জায়গা প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। রক্ষণভাগে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি ও নিকোলাস তালিয়াফিকোর মতো পরিচিত মুখ।
মাঝমাঠে লিয়েন্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পলদের সঙ্গে আছেন আরও কয়েকজন তরুণ খেলোয়াড়। আক্রমণভাগে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আছেন।
তবে এখনই সব জায়গা নিশ্চিত নয়। দলের বিভিন্ন পজিশনে জায়গা পাওয়ার জন্য লড়াই চলছে। বিশেষ করে তৃতীয় গোলরক্ষক, রক্ষণভাগের বিকল্প এবং মাঝমাঠে কয়েকটি জায়গা নিয়ে প্রতিযোগিতা রয়েছে।
কিছু খেলোয়াড় আছেন, যাদের দলে নেওয়া হবে কি না, তা নির্ভর করছে তাদের ফিটনেস ও সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর। আবার কয়েকজন তরুণ ফুটবলারকেও নজরে রাখা হচ্ছে, যারা শেষ মুহূর্তে সুযোগ পেতে পারেন।
টিওয়াইসি’র মতে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা) ও জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা) ও নিকোলাস তালিয়াফিকো (লিওঁ)
মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), এজাকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো) ও থিয়েগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ)
ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৬/টিএ























