
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আরও এক নতুন রেকর্ডে নাম লেখালেন বাবর আজম। পিএসএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ব্যাটার।
শনিবার (১১ এপ্রিল) পেশোয়ার জালমির হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই কীর্তি গড়েন বাবর। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪০ বলে ৪৩ রানের ইনিংস খেলার পথে এই ৪ হাজারি ক্লাবে পা রাখেন পেশোয়ার জালমির অধিনায়ক।
বর্তমানে পিএসএলে মোট রান ৪০০৪। ১০২ ইনিংস খেলেই এই মাইলফলক ছুঁয়েছেন বাবর। যেখানে তার ব্যাটিং গড় ৪৫.৫০ এবং স্ট্রাইক রেট ১২৭.৯২। এই মাইলফলক ছোঁয়ার পথে ৩৭টি ফিফটি ও ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তারকা ব্যাটার। ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও পেশোয়ারের হয়ে এই রান করেছেন বাবর।
এই তালিকায় বাবরের ধারে-কাছেও নেই কেউ। দুই নম্বরে থাকা ফখর জামান প্রায় এক হাজার রানে বাবরের চেয়ে পিছিয়ে আছেন। ১০০ ইনিংসে ৩০৩৯ রান করেছেন ফখর। যেখানে তার গড় ৩০.৬৯ এবং স্ট্রাইক রেট ১৪১.৫৪। অবশ্য বাবরের সমান ২টি সেঞ্চুরি রয়েছে ফখরের। তবে তার ফিফটির সংখ্যা ২৪টি। পিএসএলে এখন পর্যন্ত শুধু লাহোর কালান্দার্সের হয়েই খেলেছেন এই ওপেনার।
তালিকার তিনে আছেন পাকিস্তানের আরেক তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস এবং রাওয়ালপিন্ডিজের হয়ে ৮৭ ইনিংসে ২৮৫৩ রান করেছেন তিনি। যেখানে তার গড় ৪০.৭৫ এবং স্ট্রাইক রেট ১২৮.৮০। ২টি সেঞ্চুরির পাশাপাশি ২১টি ফিফটি রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।
সেরা পাঁচের মধ্যে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছে রাইলি রুশো। এই প্রোটিয়া ব্যাটার মুলতান সুলতানস ও কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ৯৩ ইনিংসে ২৩৬৬ রান করেছেন। এছাড়া পাঁচে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। করাচি কিংস, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স- এই চার ফ্রাঞ্চাইজির হয়ে ৮৮ ইনিংসে ২৩৫০ রান করেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৬/বিটি



















