Connect with us
ক্রিকেট

কিংবদন্তিদের লিগে খেলার সুযোগ আছে সাকিব-মাশরাফির

Shakib-Mashrafe
মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গত দুই বছর ধরে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হচ্ছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল)। চলতি বছর মাঠে গড়াবে কিংবদন্তিদের এই টুর্নামেন্টের তৃতীয় আসর। আসন্ন এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

কয়েক সপ্তাহ আগেই এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি জানা গিয়েছিল। আজ শনিবার (১১ এপ্রিল) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো।

টুর্নামেন্টে প্রতিটি দল থেকে অন্তত দুজন আইকন ক্রিকেটার থাকবে, যাদের অন্তত ২৫০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের আইকন ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুল। ডব্লিউসিএলের এই আসরে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে খেলতে যাচ্ছেন আশরাফুল-রিয়াদরা।



কিংবদন্তিদের এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ও মাশারাফি বিন মুর্তজাদেরও খেলার সুযোগ আছে বলে জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম। একজন ক্রিকেটার হিসেবে তাদের জন্য সবসময়ই দলের দরজা খোলা আছে বলে জানিয়েছেন তিনি।

শানিয়ান বলেন, ‘আপনারা জানেন যে মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারে জটিলতা আছে। যার কাছে সহায়তা নেওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। তবে আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন, আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’

চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়াবে ডব্লিউসিএলের তৃতীয় আসর। এবারও সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। বাংলাদেশের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। গত আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল প্রোটিয়া কিংবদন্তিরা।

ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট